মহররমের প্রথম ১০ দিন শেষে খামেনির জানাজা ও দাফন
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১০ জুন ২০২৬, ০৪:৫৫ এএম
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠান মহররম মাসের প্রথম ১০ দিন শেষ হওয়ার পর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট স্মরণসভা ও আয়োজন কমিটি।
মঙ্গলবার (৯ জুন) প্রকাশিত এক বিবৃতিতে কমিটি জানায়, খামেনি এবং তার পরিবারের সদস্যদের স্মরণে আয়োজিত বিভিন্ন কর্মসূচি, জানাজা ও দাফন অনুষ্ঠান যথাযথ মর্যাদায় সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি চলছে।
বিবৃতিতে দেশি-বিদেশি বিভিন্ন গণমাধ্যমে অনুষ্ঠানটির সম্ভাব্য সময়সূচি ও আয়োজন নিয়ে প্রকাশিত জল্পনা-কল্পনা এবং যাচাইবিহীন তথ্যের বিষয়ে সতর্ক করা হয়েছে। কমিটির ভাষ্য, এসব তথ্যের বেশিরভাগেরই নির্ভরযোগ্য কোনো ভিত্তি নেই এবং তা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।
আয়োজকরা জানান, ইমাম হুসাইনের স্মরণে পালিত শোকাবহ মহররমের প্রথম ১০ দিনের প্রতি খামেনির দীর্ঘদিনের শ্রদ্ধা ও অঙ্গীকারের কথা বিবেচনায় রেখে আশুরার পর জানাজা ও দাফনের আয়োজন করা হবে।
কমিটির পক্ষ থেকে আরও বলা হয়েছে, বিপুলসংখ্যক শোকাহত মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে সরকারি সংস্থা, সামাজিক সংগঠন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে।
তবে অনুষ্ঠানটির চূড়ান্ত সময়সূচি, স্থান এবং অন্যান্য আনুষ্ঠানিক বিষয় পরবর্তীতে আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে জানানো হবে বলে উল্লেখ করা হয়েছে।
এদিকে খামেনির মৃত্যু এবং এর প্রেক্ষাপট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নানা আলোচনা ও বিশ্লেষণ অব্যাহত রয়েছে। এ বিষয়ে কেবল ইরানি কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণা ও তথ্যের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কমিটি।
সূত্র: মেহের নিউজ
এনএফ৭১/ওতু
বিষয়:
