সাত বছর পর উত্তর কোরিয়ায় শি জিনপিং, লালগালিচায় বরণ করলেন কিম জং উন
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৯ জুন ২০২৬, ০৮:৫৫ পিএম
দীর্ঘ সাত বছর পর প্রথমবারের মতো উত্তর কোরিয়া সফরে গেছেন চীনের রাষ্ট্রপ্রধান শি জিনপিং। সোমবার তিনি দেশটির রাজধানী পিয়ংইয়ংয়ে পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানান উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক লেখায় শি জিনপিং বলেন, চীন ও উত্তর কোরিয়ার সম্পর্ক এক নতুন ঐতিহাসিক অধ্যায়ে প্রবেশ করেছে। তিনি কিম জং উনের সঙ্গে এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, দুই দেশ সব ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ আরও জোরদার করবে। পাশাপাশি আধিপত্যবাদ, কর্তৃত্ববাদ এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করতে পারে এমন যেকোনো সামরিক তৎপরতার বিরুদ্ধে অবস্থান নেবে চীন ও উত্তর কোরিয়া।
পিয়ংইয়ংয়ে পৌঁছানোর পর কিম জং উন ও তার স্ত্রী লি সল জু শি জিনপিংকে লালগালিচা সংবর্ধনা দেন। তাকে গার্ড অব অনার প্রদান করা হয় এবং শিশুদের পক্ষ থেকে ফুলের তোড়া উপহার দেওয়া হয়। এই দৃশ্য রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।
এরপর রাজধানীর কিম ইল সুং স্কয়ারে আয়োজিত অনুষ্ঠানে সামরিক ব্যান্ড দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন করে। ওই চত্বরটি সাধারণত সামরিক কুচকাওয়াজ ও রাষ্ট্রীয় অনুষ্ঠান আয়োজনের জন্য ব্যবহৃত হয়ে থাকে।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, অনুষ্ঠানে একুশ বার তোপধ্বনি দেওয়া হয়। পাশাপাশি নেতাদের প্রতিকৃতির নিচে জড়ো হয়ে জনতা নানা স্লোগান দেয় এবং রঙিন বেলুন উড়িয়ে উৎসবমুখর পরিবেশ তৈরি করে।
দুই দিনের এই সফরে শি জিনপিং কিম জং উনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। দীর্ঘ সাত বছর পর এটি তার প্রথম উত্তর কোরিয়া সফর। এ সময়ের মধ্যে রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার বাণিজ্য ও সামরিক সম্পর্ক বৃদ্ধি পাওয়ায় দেশটির অর্থনৈতিক অবস্থায় পরিবর্তন এসেছে।
বিশ্লেষকদের মতে, এই বৈঠক বেইজিং ও পিয়ংইয়ংয়ের কৌশলগত সম্পর্ককে আরও দৃঢ় করার ইঙ্গিত দিচ্ছে। সূত্র: রয়টার্স
এনএফ৭১/একে
বিষয়:
