ট্রাম্পের আরোপিত ১ লাখ ডলারের এইচ-১বি ভিসা ফি বাতিল করল আদালত

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৯ জুন ২০২৬, ০৮:০৭ পিএম

সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আরোপিত এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের আবেদন ফি বাতিল করেছেন দেশটির একটি ফেডারেল আদালত। সোমবার (৮ জুন) দেওয়া এক রায়ে আদালত জানান, এ ধরনের নতুন ফি আরোপের ক্ষমতা প্রেসিডেন্টের নেই; এ ক্ষমতা একমাত্র কংগ্রেসের।

মার্কিন ডিস্ট্রিক্ট জজ লিও সোরোকিন তার রায়ে বলেন, এইচ-১বি ভিসা আবেদনকারীদের ওপর অতিরিক্ত ফি আরোপ কার্যত একটি কর (ট্যাক্স), যা প্রেসিডেন্ট বা নির্বাহী বিভাগের একক সিদ্ধান্তে আরোপ করা যায় না। ফেডারেল অভিবাসন আইনে এমন কোনো ক্ষমতা প্রেসিডেন্টকে দেওয়া হয়নি বলেও উল্লেখ করেন তিনি।

ট্রাম্প প্রশাসন এইচ-১বি কর্মসূচির অপব্যবহার রোধের যুক্তিতে ১ লাখ ডলারের এই আবেদন ফি চালু করেছিল। তবে এর বিরুদ্ধে কয়েকটি ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলরা আদালতে মামলা করেন।

৪২ পৃষ্ঠার রায়ে বিচারক সোরোকিন বলেন, কংগ্রেস প্রেসিডেন্টকে অভিবাসন নীতিতে সীমিত কিছু পরিবর্তনের সুযোগ দিলেও কর আরোপের ক্ষমতা দেয়নি। ফলে এই ফি আরোপ আইনসঙ্গত নয়।

উল্লেখ্য, এইচ-১বি ভিসা কর্মসূচির মাধ্যমে উচ্চ দক্ষতাসম্পন্ন বিদেশি পেশাজীবীরা যুক্তরাষ্ট্রে বিশেষায়িত বিভিন্ন খাতে কাজ করার সুযোগ পান। সাধারণত আবেদনকারীদের স্নাতক ডিগ্রি বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হয়। ভিসাটির মেয়াদ তিন বছর, যা পরবর্তীতে আরও তিন বছরের জন্য নবায়ন করা যায়।

অর্থনীতিবিদদের মতে, এই কর্মসূচি মার্কিন কোম্পানিগুলোকে দক্ষ জনবল নিয়োগে সহায়তা করে এবং ব্যবসা সম্প্রসারণ ও নতুন কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।



বিষয়:



Top