ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, নিহতের সংখ্যা বেড়ে ৩৭
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৯ জুন ২০২৬, ০৭:৪৮ পিএম
ফিলিপাইনে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩৭ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন দেড় শতাধিক মানুষ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সকসারজেন অঞ্চল থেকে ধ্বংসস্তূপের নিচ থেকে ৩১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, এখনও কয়েকজন নিখোঁজ রয়েছেন। পাশাপাশি ১০ হাজারের বেশি মানুষ ঘরবাড়ি হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন।
সোমবার সকালে দক্ষিণ ফিলিপাইনের মিনদানাও দ্বীপে ভূমিকম্পটি আঘাত হানে। ভূপৃষ্ঠের মাত্র সাড়ে ছয় মাইল গভীরে এর উৎপত্তি হওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ভূমিকম্পের পর আশপাশের এলাকায় এক থেকে ছয় মাত্রার প্রায় ১৪০টি পরাঘাত অনুভূত হয়, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক আরও বাড়িয়ে তোলে।
এ ঘটনার পর ফিলিপাইনসহ এশিয়ার কয়েকটি দেশে সাময়িকভাবে সুনামি সতর্কতা জারি করা হয়। ফিলিপাইনের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ মিনদানাওয়ে প্রায় আড়াই কোটি মানুষের বসবাস রয়েছে।
এনএফ৭১/একে
বিষয়:
