ট্রাম্পের আহ্বানে হামলা বন্ধের ঘোষণা ইরান-ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৯ জুন ২০২৬, ০৬:২৫ পিএম

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে পরস্পরের বিরুদ্ধে হামলা আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ইরান ও ইসরায়েল। সোমবার উভয় দেশ এ তথ্য জানিয়েছে। তবে লেবাননে হিজবুল্লাহর ওপর ইসরায়েলি হামলা অব্যাহত থাকলে আবারও সংঘাতে জড়ানোর সতর্কবার্তা দিয়েছে তেহরান।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ইসরায়েলও ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে রোববার গভীর রাতে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। তেহরানের দাবি, বৈরুতের উপকণ্ঠে ইরান-সমর্থিত হিজবুল্লাহ যোদ্ধাদের ওপর ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর জবাবে ইসরায়েল ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও একটি পেট্রোরাসায়নিক কারখানায় হামলা চালায়। তবে উভয় পক্ষই জানিয়েছে, এসব ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

হামলার পর ডোনাল্ড ট্রাম্প বলেন, ইসরায়েল ও ইরান উভয়ই দ্রুত যুদ্ধবিরতি চায়। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে চূড়ান্ত পর্যায়ের আলোচনা এগিয়ে চলছে। তবে অযৌক্তিক সিদ্ধান্ত বা ভুল পদক্ষেপ সেই প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে জানা গেছে, সোমবার ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে টেলিফোনে আলোচনা হয়েছে। ওই আলোচনায় ট্রাম্প নেতানিয়াহুকে সতর্ক থাকার পরামর্শ দেন এবং পরিস্থিতি আরও জটিল না করার আহ্বান জানান।

এনএফ৭১/একে



বিষয়:



Top