দুই মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্নে স্বর্ণের দাম

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৯ জুন ২০২৬, ০২:৫৩ এএম

সংগৃহীত

বিশ্ববাজারে স্বর্ণের দাম গত দুই মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। যুক্তরাষ্ট্রের শক্তিশালী কর্মসংস্থান তথ্য প্রকাশের পর ফেডারেল রিজার্ভ (ফেড) সুদের হার বৃদ্ধির সম্ভাবনা বেড়ে যাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে বিক্রির চাপ তৈরি হয়।

সোমবার (৮ মে) স্পট গোল্ডের দাম ০.৯ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ২৯০ দশমিক ৬৬ ডলারে নেমে আসে, যা গত ২৩ মার্চের পর সর্বনিম্ন। এর আগের সপ্তাহে স্বর্ণের দাম তিন শতাংশেরও বেশি কমেছিল। একই সময়ে আগস্টে সরবরাহের জন্য মার্কিন গোল্ড ফিউচারের দামও ১.১ শতাংশ কমে ৪ হাজার ৩১৫ দশমিক ৪০ ডলারে দাঁড়িয়েছে।

মার্কিন শ্রম দপ্তরের তথ্যমতে, মে মাসে দেশটির অ-কৃষি খাতে ১ লাখ ৭২ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এই ইতিবাচক তথ্যের পর বাজার বিশ্লেষকরা ধারণা করছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ফেড চলতি বছরের ডিসেম্বরের দিকে সুদের হার বাড়াতে পারে। বর্তমানে সুদ বৃদ্ধির সম্ভাবনা ৭০ শতাংশেরও বেশি, যেখানে এক সপ্তাহ আগে তা ছিল ৪৫ শতাংশ।

সাধারণত সুদের হার বাড়লে স্বর্ণের মতো নিরাপদ বিনিয়োগের চাহিদা কমে যায়, কারণ বিনিয়োগকারীরা তখন ব্যাংক ও ট্রেজারি বন্ডে বেশি আগ্রহী হন।

এদিকে মধ্যপ্রাচ্যে ইসরায়েল-ইরান উত্তেজনা এবং লেবাননে নতুন সামরিক অভিযানের প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ৪ ডলারের বেশি বেড়েছে। এতে বৈশ্বিক মুদ্রাস্ফীতির শঙ্কাও আবার বাড়ছে।

স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। স্পট সিলভার ১.২ শতাংশ কমে প্রতি আউন্স ৬৬.৯৮ ডলারে নেমেছে। প্ল্যাটিনাম ১.১ শতাংশ কমে ১ হাজার ৭৫৭.৫৩ ডলার এবং প্যালাডিয়াম ০.৫ শতাংশ কমে ১ হাজার ২১৯.৬১ ডলারে দাঁড়িয়েছে।



বিষয়:



Top