ইরান-ইসরায়েল সংঘাত আরও তীব্র, পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কা বাড়ছে

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৯ জুন ২০২৬, ০২:৪৬ এএম

সংগৃহীত

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরানের সঙ্গে চলমান সংঘাত আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে এবং এটি পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেওয়ার সম্ভাবনাও রয়েছে। অন্যদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) বলেছে, তারা সব ফ্রন্টে বড় ধরনের প্রতিশোধমূলক অভিযান চালানোর জন্য সম্পূর্ণ প্রস্তুত।

গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া সংঘাতে বর্তমানে কাগজে-কলমে অস্ত্রবিরতি চললেও দুই পক্ষের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। এ পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয় পক্ষকে হামলা বন্ধ করে আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছেন এবং ইরানকে একটি চুক্তিতে আসার তাগিদ দিয়েছেন।

আইডিএফ দাবি করেছে, সাম্প্রতিক হামলাগুলোর বিষয়ে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম)-এর সঙ্গে সমন্বয় করা হয়েছে। এ বিষয়ে আইডিএফের চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির সেন্টকম প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপারের সঙ্গে একাধিকবার আলোচনা করেছেন।

সামরিক তথ্য অনুযায়ী, রোববার রাত থেকে ইরান ইসরায়েলের দিকে অন্তত ২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার সবগুলোই প্রতিহত করা হয়েছে বা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি। পাশাপাশি ইয়েমেনের হুতিরাও দুটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যার একটি প্রতিহত করা হয় এবং অন্যটি ইসরায়েলের ভূখণ্ডে পৌঁছাতে পারেনি।

এর জবাবে ইসরায়েল ইরানে দুই দফা বিমান হামলা চালিয়েছে। রোববার রাতে পশ্চিম ও মধ্য ইরানের নয়টি প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত হানা হয়। সোমবার সকালে দক্ষিণ-পশ্চিম ইরানের একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সেও হামলা চালানো হয়।

তবে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, এসব হামলা শুধুমাত্র ইসরায়েলের পক্ষ থেকেই পরিচালিত হয়েছে, যদিও সেন্টকমের সঙ্গে সমন্বয় করা হয়েছে। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দাবি করেছেন, ইসরায়েলের কোনো পদক্ষেপ যুক্তরাষ্ট্রের সমন্বয় ছাড়া সম্ভব নয়, তাই উত্তেজনার যেকোনো পরিণতির দায় যুক্তরাষ্ট্রকেও নিতে হবে।

এদিকে আইআরজিসি তাদের সাম্প্রতিক অভিযানের নাম দিয়েছে ‘নাসর’। তারা বলছে, গত বছরের সংঘর্ষে নিহতদের স্মরণে এই অভিযান চালানো হচ্ছে। ইসরায়েলের কৌশলগত বিমান ঘাঁটি নেভাতিম ও তেল নোফসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

আইআরজিসি আরও জানিয়েছে, শত্রুপক্ষের যেকোনো পদক্ষেপের দ্রুত ও বড় পরিসরে জবাব দিতে তারা সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।



বিষয়:



Top