ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৮ জুন ২০২৬, ০৭:১৩ পিএম
ইসরায়েলকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরানের সশস্ত্র বাহিনীর অভিজাত ইউনিট ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে এ তথ্য জানা গেছে।
বাহিনীটির দাবি, লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলার জবাবে উত্তর ইসরায়েলের বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।
স্থানীয় সময় রোববার রাত সাড়ে ১১টার দিকে এ হামলা চালানো হয়। তবে ঠিক কতটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় সতর্কতামূলক বিপদ সংকেত বেজে উঠেছে।
পরে ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, উত্তর ইসরায়েলকে লক্ষ্য করে একযোগে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। হামলার পরপরই দেশজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে নাগরিকদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে যাওয়ার আহ্বান জানায় সরকার।
ইরানের একটি সংবাদ সংস্থার বরাতে প্রকাশিত এক বিবৃতিতে দেশটির সামরিক বাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, বৈরুতে হামলা এবং দক্ষিণ লেবাননে সামরিক অভিযান সম্প্রসারণের মাধ্যমে ইসরায়েল সব সীমা অতিক্রম করেছে।
এদিকে উত্তর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ইরানের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মোহসিন রেজায়ি বলেন, লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন ও আগ্রাসনের বিরুদ্ধে ইরান আগেই সতর্ক করেছিল। সেই আগ্রাসনের জবাব হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, এটি কেবল একটি সতর্কবার্তা। যদি এই বার্তা উপেক্ষা করা হয়, তাহলে পরবর্তী জবাব আরও কঠোর হবে এবং এর জন্য আগ্রাসনকারীদের বড় মূল্য দিতে হবে।
উল্লেখ্য, গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েলের বিরুদ্ধে ইরানের এটিই প্রথম সরাসরি হামলা। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
এনএফ৭১/একে
বিষয়:
