ফিলিপাইনে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৮ জুন ২০২৬, ০৭:০১ পিএম
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর সুনামি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। ভূমিকম্পের পরপরই ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্কতা জারি করেছে।
সোমবার সকালে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।
শক্তিশালী কম্পনে বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক মানুষ ঘরবাড়ি ও ভবন ছেড়ে দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নেন। তবে তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
ফিলিপাইনের ভূমিকম্প পর্যবেক্ষণ কর্তৃপক্ষ জানিয়েছে, এক মিটার বা তারও বেশি উচ্চতার ঢেউ সৃষ্টি হতে পারে। এ কারণে উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।
ভূমিকম্পের প্রভাবে সারাঙ্গানি প্রদেশের একটি পুলিশ ভবনে ফাটল দেখা গেছে। স্থানীয় কর্মকর্তারা জানান, তীব্র কম্পনের কারণে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। তবে এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
বিশেষজ্ঞরা বলছেন, ফিলিপাইন ও ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয় অঞ্চলের অন্তর্ভুক্ত। বিশ্বের সবচেয়ে বেশি ভূমিকম্প ও আগ্নেয়গিরির সক্রিয়তা দেখা যায় এমন অঞ্চলের মধ্যে এটি অন্যতম।
এনএফ৭১/একে
বিষয়:
