আগামী সপ্তাহে উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন শি জিনপিং

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৬ জুন ২০২৬, ০১:০২ এএম

ছবি: সংগৃহীত

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগামী সপ্তাহে উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন। দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাওয়া এই সফরকে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আগামী সোমবার থেকে শুরু হওয়া দুই দিনের রাষ্ট্রীয় সফরে উত্তর কোরিয়া যাবেন শি জিনপিং। সফরকালে তিনি দেশটির নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকে অংশ নেবেন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমও এ সফরের বিষয়টি নিশ্চিত করেছে।

২০১৯ সালের পর এটিই হবে শি জিনপিংয়ের প্রথম উত্তর কোরিয়া সফর। পাশাপাশি ২০২৬ সালে এটিই তার প্রথম বিদেশ সফর।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে কিছুটা শীতল হয়ে পড়া চীন ও উত্তর কোরিয়ার সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করার লক্ষ্যেই এ সফরের আয়োজন করা হয়েছে।

সম্প্রতি বেইজিংয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পৃথক রাষ্ট্রীয় সফরে স্বাগত জানিয়েছেন শি জিনপিং। ফলে উত্তর কোরিয়া সফরকে আঞ্চলিক কূটনীতি, ভূরাজনীতি এবং শক্তির ভারসাম্যের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

এনএফ৭১/একে



বিষয়:



Top