ক্ষেপণাস্ত্র হামলায় দুমড়েমুচড়ে গেল ইসরায়েলি ট্যাংক, নিহত সেনা কর্মকর্তা
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৫ জুন ২০২৬, ১১:২৮ পিএম
লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর পরিচালিত ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি বাহিনীর একটি ট্যাংক ধ্বংস হয়েছে। এ ঘটনায় এক ইসরায়েলি সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। একই সময়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ, ফলে অঞ্চলজুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নিহত কর্মকর্তা ২১ বছর বয়সী ক্যাপ্টেন ইতান শমুয়েল লেমবার্গ। তিনি ইসরায়েলি সাঁজোয়া বাহিনীর একটি ইউনিটে দায়িত্ব পালন করছিলেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
সামরিক সূত্রের বরাত দিয়ে জানানো হয়, বৃহস্পতিবার বিকেলে লেবানন সীমান্ত এলাকায় অবস্থানরত একটি ইসরায়েলি ট্যাংক লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এতে ট্যাংকটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ক্যাপ্টেন লেমবার্গ নিহত হন।
হামলার পরপরই ইসরায়েলি বাহিনী বিমান ও কামান হামলা চালিয়ে ওই অঞ্চলে হিজবুল্লাহর বিভিন্ন অবস্থান লক্ষ্য করে পাল্টা আঘাত হানে।
ঘটনাটি এমন সময়ে ঘটল, যখন এর আগের দিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে উভয় পক্ষ নীতিগতভাবে সম্মতি জানিয়েছিল। প্রস্তাব অনুযায়ী, হিজবুল্লাহ হামলা বন্ধ করবে এবং দক্ষিণ লেবাননের নির্দিষ্ট এলাকায় দেশটির সেনাবাহিনী মোতায়েন করা হবে। সেখানে হিজবুল্লাহর যোদ্ধা কিংবা ইসরায়েলি সেনাদের অবস্থান না রাখার কথাও ছিল।
তবে পরবর্তীতে হিজবুল্লাহ ওই প্রস্তাব প্রত্যাখ্যান করায় যুদ্ধবিরতির সম্ভাবনা অনিশ্চয়তার মুখে পড়েছে। অন্যদিকে ইসরায়েলও সামরিক অভিযান অব্যাহত রেখেছে। সর্বশেষ হামলা ও পাল্টা হামলার ঘটনায় সীমান্ত পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।
এনএফ৭১/একে
বিষয়:
