দিল্লির হোটেলে আগুন
মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে আগুনে প্রাণ গেল একই পরিবারের ৮ জনের
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৪ জুন ২০২৬, ০৬:৪৯ পিএম
ভারতের রাজধানী দিল্লির দক্ষিণাঞ্চলের মালভিয়া নগরের হাউজ রানি এলাকায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের ৮ সদস্য রয়েছেন। মৃত্যুপথযাত্রী এক স্বজনকে দেখতে এসে তারা এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন।
নিহতদের মধ্যে ছিলেন বিবেক আগরওয়াল, তার স্ত্রী তারজানি আগরওয়াল, তাদের দুই কন্যা জীবিশা আগরওয়াল ও ভার্যা আগরওয়ালসহ পরিবারের আরও চার সদস্য।
জানা গেছে, পরিবারটির বাড়ি গুরুগ্রামের সেক্টর-৪৬ এলাকায়। বিবেক আগরওয়ালের বাবা রাধে শ্যাম আগরওয়াল দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাকে দেখতে পরিবারসহ রাজধানীতে আসেন তিনি। অবস্থানের জন্য হোটেলটিতে দুটি কক্ষ ভাড়া নিয়েছিলেন তারা।
বুধবার সকালে পরিবারের সদস্যরা হোটেলের খাবার কক্ষে নাশতা করছিলেন। এ সময় হঠাৎ আগুনের সূত্রপাত হলে তা দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে। আগুনের ভয়াবহতায় পরিবারের আট সদস্যই প্রাণ হারান।
এই দুর্ঘটনার পর ৮০ বছর বয়সী রাধে শ্যাম আগরওয়ালই পরিবারের একমাত্র জীবিত নিকট আত্মীয় হিসেবে বেঁচে আছেন।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানিয়েছে, পরিচয় নিশ্চিত করতে প্রয়োজনীয় নমুনা সংগ্রহের পর নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে পাঁচতলা ভবনটিতে আগুন লাগে। ভবনের কাঠামো সংকীর্ণ হওয়ায় অল্প সময়ের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। সে সময় হোটেলে প্রায় ৪০ জন অতিথি অবস্থান করছিলেন, যাদের অধিকাংশই ঘুমিয়ে ছিলেন। অগ্নিকাণ্ডে বহু মানুষ আহত হয়েছেন।
এ ঘটনায় আগরওয়াল পরিবারের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের ভাষ্য, সাম্প্রতিক সময়ের সবচেয়ে হৃদয়বিদারক পারিবারিক দুর্ঘটনাগুলোর মধ্যে এটি অন্যতম।
এনএফ৭১/একে
বিষয়:
