ইরানের সর্বোচ্চ নেতার জানাজা মহররমের শুরুতে অনুষ্ঠিত হবে

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৪ জুন ২০২৬, ০৬:৩৫ পিএম

সংগৃহীত

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন কার্যক্রম মহররম মাসের শুরুতে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন তেহরান মিউনিসিপ্যালিটির সাংস্কৃতিক ও সামাজিক বিষয়ক উপ-প্রধান মোহাম্মদ আমিন তাভাকোলিজাদেহ।

তিনি জানান, জানাজা ও দাফন অনুষ্ঠানটি সম্ভবত জিলহজ মাসের শেষ দিকে এবং মহররমের শুরুতে সম্পন্ন করা হবে। বিষয়টি তেহরানে অনুষ্ঠিত ৫২তম সামাজিক ও সাংস্কৃতিক কমিশনের বৈঠকে তুলে ধরা হয়।

তাভাকোলিজাদেহ আরও জানান, এ উপলক্ষে তিন দিনের একটি “জনতার শোক মিছিল” আয়োজনের পরিকল্পনা রয়েছে। রাজধানী তেহরানে অন্তত ২৪ ঘণ্টাব্যাপী জানাজা ও আনুষ্ঠানিকতা চলবে বলে ধারণা করা হচ্ছে।

তার ভাষ্যমতে, রাজধানীতে ১৫ থেকে ২০ মিলিয়নের বেশি মানুষের সমাগম হতে পারে—এ ধরনের বৃহৎ জনসমাবেশের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, তেহরানের পাশাপাশি কোম ও মাশহাদ শহরেও জানাজা অনুষ্ঠানের পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। বিভিন্ন প্রদেশ থেকেও শোক অনুষ্ঠানের আয়োজনের অনুরোধ এসেছে।

পরিকল্পনা অনুযায়ী, পারিবারিক সিদ্ধান্তের ভিত্তিতে আয়াতুল্লাহ আলী খামেনিকে মাশহাদের ইমাম রেজা মাজার বা পবিত্র রওজা শরিফে দাফন করা হতে পারে।

এছাড়া পাকিস্তান, আফগানিস্তান, ভারত, বাংলাদেশ, কাশ্মীরসহ বিভিন্ন অঞ্চল থেকে শোকার্ত ও কর্মকর্তাদের মাশহাদে উপস্থিত থাকার সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এর আগে ইসলামি প্রচার সমন্বয় পরিষদের প্রধান মহসেন মাহমুদ মন্তব্য করেছিলেন যে, এই জানাজা হবে “ইসলামি বিশ্বের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক ঘটনা”।

উল্লেখ্য, আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৮৯ সালে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং দীর্ঘ প্রায় ৩৬ বছরেরও বেশি সময় এ পদে ছিলেন।



বিষয়:



Top