দিল্লির হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; ভেতরে ছিলেন বিদেশি রোগীরাও
নিউজ ফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৩ জুন ২০২৬, ০২:৫৫ পিএম
ভারতের রাজধানী নয়াদিল্লির মালভিয়া নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২১ জন নিহত হয়েছেন। বুধবার সকালে পাঁচতলা ভবনের বেসমেন্টে অবস্থিত ‘মিকাসা ইন’ হোটেলের রেস্তোরাঁ থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
জানা গেছে, সরু গলিতে অবস্থিত প্রায় ২৫ কক্ষের এই হোটেলে ঘটনার সময় চিকিৎসার জন্য ভারতে যাওয়া বেশ কয়েকজন বিদেশি রোগীসহ প্রায় ৪০ জন অতিথি অবস্থান করছিলেন। আগুন ছড়িয়ে পড়ার সময় অধিকাংশ অতিথিই ঘুমিয়ে ছিলেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।
ঘটনাস্থলের ভিডিওতে দেখা গেছে, প্রাণ বাঁচাতে কয়েকজন অতিথি ভবনের ওপরের তলা থেকে নিচে লাফিয়ে পড়ছেন। হোটেলের রেস্তোরাঁর শেফ কেসার সিং জানান, সকাল আনুমানিক ৮টার দিকে একটি বৈদ্যুতিক চুলা চালু করার চেষ্টা করলে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। এরপর মুহূর্তের মধ্যেই আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। হতাহতদের পরিচয় শনাক্ত এবং অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিষয়:
