দিল্লির মালভিয়া নগরে রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১০

নিউজ ফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৩ জুন ২০২৬, ০১:২৮ পিএম

ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লির মালভিয়া নগর এলাকায় একটি রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সময় বুধবার সকাল আনুমানিক ৮টা ৫০ মিনিটের দিকে ‘লেমন গ্রিন’ নামের রেস্তোরাঁর বেসমেন্টে হঠাৎ করে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ভবনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। জরুরি সাড়া পেয়ে দুটি পানিবাহী ইঞ্জিন, দুটি পানিবাহী বাউজার, একটি দ্রুত সাড়া প্রদানকারী যানসহ আরও কয়েকটি অগ্নিনির্বাপক দল কাজ করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাঁচতলা ওই ভবনে প্রায় ৪০ জন মানুষ অবস্থান করছিলেন। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীদের ধারণ করা একাধিক দৃশ্যে দেখা যায়, আগুন থেকে বাঁচতে কয়েকজন ভবনের জানালা বা উপরের অংশ থেকে নিচে লাফিয়ে পড়ছেন। সরু গলির মধ্যে অবস্থিত ওই ভবনের বেসমেন্টেই মূলত রেস্তোরাঁটি পরিচালিত হতো।

স্থানীয় বাসিন্দারা জানান, ওই ভবনের বিভিন্ন কক্ষে প্রায় ২৫টি রুম ছিল এবং সেখানে প্রায় ৪০ জন অতিথি অবস্থান করছিলেন, যাদের অনেকেই বিদেশি নাগরিক ছিলেন। তারা মূলত চিকিৎসার উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন বলে জানা গেছে। অগ্নিকাণ্ডের সময় অধিকাংশ অতিথিই ঘুমন্ত অবস্থায় ছিলেন বলে স্থানীয়দের দাবি।

এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। উদ্ধার অভিযান এখনো চলমান রয়েছে।



বিষয়:



Top