‘বাংলাদেশে কাকে দিয়ে খুন করিয়েছিলেন জানি’ হাদি হত্যাকাণ্ড নিয়ে মমতা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৩ জুন ২০২৬, ০৮:২২ এএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশের ওসমান হাদি হত্যাকাণ্ড প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস প্রধান মমতা ব্যানার্জী। মঙ্গলবার (২ জুন) কলকাতার ধর্মতলায় এক ধর্না কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “বাংলাদেশে কাকে দিয়ে খুন করিয়েছিলেন, তা আমি জানি।”

বক্তব্যে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) ভূমিকার প্রশংসা করে মমতা বলেন, বাংলাদেশ থেকে পালিয়ে আসা এক ‘বড় খুনি’কে এসটিএফ গ্রেফতার করেছিল। এ ঘটনায় বাংলাদেশে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি। তবে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিস্তারিত মন্তব্য করা তার এখতিয়ারের মধ্যে পড়ে না বলেও জানান।

মমতার দাবি, অভিযুক্তরা মেঘালয় হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছিল এবং পরে এসটিএফ তাদের আটক করে।

উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসে পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ বাংলাদেশে ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই অভিযুক্ত—ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল এবং আলমগীর হোসেনকে গ্রেফতার করে। পরে এ মামলার আরেক অভিযুক্ত ফিলিপ সাংমাকেও নদিয়ার শান্তিপুর এলাকা থেকে আটক করা হয়।

এর আগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ফয়সাল করিম মাসুদকে হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেছিল।

যদিও বক্তব্যে মমতা ব্যানার্জী সরাসরি ওসমান হাদির নাম উল্লেখ করেননি, তবে তার মন্তব্যকে ওই হত্যাকাণ্ডের প্রসঙ্গ হিসেবেই দেখা হচ্ছে।

বক্তৃতায় তিনি আরও দাবি করেন, অভিযুক্তদের গ্রেফতারের পর ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে ফোন করে বিষয়টি প্রকাশ্যে না আনার অনুরোধ জানিয়েছিলেন।

মমতা বলেন, “কারা জড়িত ছিল, কার কার নাম সামনে এসেছিল—সবই আমি জানি। সরকার পরিবর্তন হলেও সেই তথ্য আমার জানা আছে।”

তবে সংশ্লিষ্ট কোনো ব্যক্তির নাম প্রকাশ করতে তিনি অনাগ্রহ প্রকাশ করেন। তার ভাষায়, “আমি সেই নাম বলতে চাই না। বললে বাংলাদেশে বড় ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। আমি বাংলাদেশকে ভালোবাসি, তাই দেশের স্বার্থে নাম প্রকাশ করছি না।”

এনএফ৭১/একে



বিষয়:



Top