যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের আলোচনা স্থগিত করল ইরান
আন্তর্জাতিক ডেস্ক: | প্রকাশিত: ১ জুন ২০২৬, ০৯:৩৯ পিএম
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান পরোক্ষ শান্তি আলোচনার সব ধরনের যোগাযোগ ও নথিপত্র আদান-প্রদান স্থগিত করার ঘোষণা দিয়েছে ইরান। মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের সঙ্গে চলমান আলোচনা আপাতত পুরোপুরি বন্ধ থাকবে বলে জানিয়েছে তেহরান।
সোমবার (১ জুন) ইরানের আধাসরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ইরানের দাবি, গাজা ও লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় তারা এই সিদ্ধান্ত নিয়েছে।
তেহরান জানিয়েছে, আলোচনায় ফিরতে হলে গাজা ও লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করতে হবে। পাশাপাশি লেবাননের দক্ষিণাঞ্চলে দখল করা এলাকা থেকে ইসরায়েলি বাহিনীকে সম্পূর্ণ প্রত্যাহার করতে হবে।
এদিকে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ও তার মিত্ররা হরমুজ প্রণালি এবং লোহিত সাগরের প্রবেশদ্বার বাব আল-মান্দেব প্রণালিসহ গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটগুলো সক্রিয়ভাবে অবরুদ্ধ করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে।
বিশ্ব জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথগুলো বন্ধ হয়ে গেলে বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম
বিষয়:
