বিয়ের কয়েক ঘণ্টা পরই হেলিকপ্টার দুর্ঘটনায় ভারতীয় পাইলটের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১ জুন ২০২৬, ০৪:৩৯ পিএম

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত তরুণ পাইলট ডেভ ফিজি। এ ঘটনায় হেলিকপ্টারের চালকও নিহত হয়েছেন। তবে ডেভের স্ত্রী জেসনি প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর নববধূকে নিয়ে মধুচন্দ্রিমায় রওনা হয়েছিলেন ডেভ। তাদের বহনকারী হেলিকপ্টারটি জর্জিয়ার ডসনভিল এলাকায় বিধ্বস্ত হয়।

ডেভের বাবা জর্জ ফিজি জানান, শুক্রবার জেসনির সঙ্গে তার ছেলের বিয়ে সম্পন্ন হয়। প্রায় এক দশক আগে একটি গির্জায় তাদের পরিচয় হয়েছিল। বিয়ের অনুষ্ঠানে কয়েকশ অতিথি উপস্থিত ছিলেন।

বিয়ের সংবর্ধনা শেষে নবদম্পতি একটি হেলিকপ্টারে করে বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেন। সেখান থেকে আটলান্টা শহরের একটি হোটেলে রাতযাপনের পরিকল্পনা ছিল তাদের। নবদম্পতিকে বিশেষভাবে বিদায় জানানোর অংশ হিসেবেই এই আকাশযাত্রার আয়োজন করা হয়েছিল।

কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই দুর্গম বনাঞ্চলে বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি। দুর্ঘটনাস্থলটি বিয়ের অনুষ্ঠানস্থল থেকে খুব বেশি দূরে ছিল না।

ডেভের বাবা জানান, দুর্ঘটনার পর হেলিকপ্টারটির অবস্থান শনাক্ত করতে উদ্ধারকারী দলকে বেশ সময় অপেক্ষা করতে হয়েছে। এ সময় আহত জেসনি প্রায় ছয় ঘণ্টা ধ্বংসস্তূপের মধ্যে আটকা ছিলেন।

জেসনির বরাত দিয়ে তিনি বলেন, জ্ঞান ফেরার পর তিনি দেখেন ডেভ তার বুকে মাথা রেখে পড়ে আছেন। শরীরে রক্ত ছিল এবং তখন তার দেহ ঠান্ডা হয়ে গিয়েছিল। পেশায় সেবিকা হওয়ায় জেসনি বুঝতে পারেন, ডেভ আর বেঁচে নেই।

এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়লেও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন জেসনি বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

ডেভের বাবা আরও জানান, দুর্ঘটনার আগে আবহাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন তার ছেলে। তিনি হেলিকপ্টারের চালককে বলেছিলেন, এমন পরিস্থিতিতে সাধারণত তারা আকাশপথে যাত্রা করেন না। তবে চালক আশ্বস্ত করেছিলেন যে বেশি উচ্চতায় উড়লে কোনো সমস্যা হবে না।

এদিকে দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে এখন পর্যন্ত হেলিকপ্টারটি কেন বিধ্বস্ত হয়েছে, সে বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।

এনএফ৭১/একে



বিষয়:



Top