সেনাসদস্যের সঙ্গে বিমান থেকে ঝাঁপ দিল কুকুর আরিশা, ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১ জুন ২০২৬, ০২:২০ পিএম

ছবি: সংগৃহীত

প্যারাসুটে ঝাঁপ দেওয়া কাজাখস্তানের বিশেষ বাহিনীর সামরিক কুকুর ‘আরিশা’কে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

কাজাখস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, বেলজিয়ান ম্যালিনোইস জাতের কুকুর আরিশাকে এক সেনাসদস্যের সঙ্গে বিশেষভাবে বেঁধে বিমান থেকে প্যারাসুটে লাফ দিতে। আলমাটি শহরের আকাশে পরিচালিত এই সামরিক মহড়ার ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওটি প্রকাশের পর অনেকেই আরিশার প্রশিক্ষণ এবং সামরিক কুকুর ইউনিটের পেশাদারিত্বের প্রশংসা করেন। তবে অন্য একটি অংশ প্রশ্ন তুলেছে, এমন প্যারাসুট মহড়ায় প্রাণীদের যুক্ত করা কতটা প্রয়োজনীয়। তাদের মতে, এ ধরনের অভিযানে একটি কুকুর মানসিক চাপ বা অস্বস্তির মুখোমুখি হতে পারে।

সমালোচনার জবাবে কাজাখস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বেলজিয়ান ম্যালিনোইস বিশ্বের অন্যতম সহনশীল, কর্মক্ষম এবং দক্ষ কুকুরের জাত। বিশ্বের বিভিন্ন দেশের সামরিক ও নিরাপত্তা বাহিনীতে এই জাতের কুকুর নিয়মিত ব্যবহৃত হয়ে আসছে।

মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, এ ধরনের কুকুরকে বিশেষভাবে কঠিন ও চ্যালেঞ্জিং দায়িত্ব পালনের জন্য প্রজনন ও প্রশিক্ষণ দেওয়া হয়। সক্রিয় সামরিক পরিবেশে কাজ করতেই তারা সবচেয়ে বেশি উপযোগী এবং স্বাচ্ছন্দ্যবোধ করে।

এনএফ৭১/একে



বিষয়:



Top