ট্রাক উল্টে আফগানিস্তানে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১ জুন ২০২৬, ১২:২১ পিএম

সংগৃহীত

পূর্ব আফগানিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাকিস্তান থেকে নিজ দেশে ফেরত আসা আফগান শরণার্থীদের বহনকারী একটি ট্রাক উল্টে অন্তত ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৬ জন, যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

শনিবার (৩০ মে) লাগমান প্রদেশে কাবুল–নানগারহার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আবদুল মালিক নিয়াজাই জানান, ট্রাকটিতে থাকা অধিকাংশ যাত্রীই ছিল অসচ্ছল শরণার্থী পরিবার, যারা পাকিস্তান থেকে ফেরার পথে নিজ দেশে যাচ্ছিল।

প্রাদেশিক জনস্বাস্থ্য পরিচালক আমিনুল্লাহ শরিফ বলেন, দীর্ঘ পথ চলার ক্লান্তিতে চালক ঘুমিয়ে পড়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বহু মানুষের মৃত্যু হয় এবং আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

আফগানিস্তানে গত কয়েক বছর ধরে পাকিস্তান ও ইরান থেকে লাখ লাখ শরণার্থী নিজ দেশে ফিরছে। দীর্ঘদিন বিদেশে বসবাসের পর ফেরার পথে এমন দুর্ঘটনা দেশটির মানবিক সংকটকে আরও গভীর করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এদিকে পৃথক আরেকটি দুর্ঘটনায় নুরিস্তান প্রদেশে একটি যাত্রীবাহী গাড়ি নদীতে পড়ে গেলে চারজন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান চলছে।

তথ্যসূত্র: এনডিটিভি

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top