আমরাও ভারতের জমি দখল করেছি: নেপালের প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১ জুন ২০২৬, ১২:২০ পিএম
ভারত যেমন নেপালের কিছু ভূখণ্ড দখল করেছে, তেমনি নেপালও ভারতের কিছু এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে বলে মন্তব্য করেছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ।
রোববার (৩১ মে) নেপালের পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি এই মন্তব্য করেন বলে দেশটির সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট-এর প্রতিবেদনে জানানো হয়েছে।
পার্লামেন্টে এক প্রশ্নের জবাবে শাহ বলেন, “প্রধানমন্ত্রী হওয়ার পর আমি প্রাতিষ্ঠানিকভাবে জানতে পেরেছি, শুধু ভারতই নয়, নেপালও বিভিন্ন স্থানে ভারতের ভূখণ্ড নিয়ন্ত্রণে রেখেছে। বিষয়টি উভয় পক্ষকে বসে বিস্তারিতভাবে পর্যালোচনা করতে হবে।”
তিনি আরও বলেন, দীর্ঘদিনের সীমান্ত বিরোধ সমাধান কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সম্ভব।
লিপুলেখ, লিম্পিয়াধুরা ও কালাপানি এলাকার বিরোধ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শাহ বলেন, যেকোনো মূল্যে আলোচনা ও কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমেই সমস্যার সমাধান করা হবে।
এ সময় তিনি সীমান্ত ইস্যুতে যুক্তরাজ্যের সম্পৃক্ততার আহ্বান জানান। তার ভাষায়, “এই সমস্যার ইতিহাস ব্রিটিশ শাসনামলের সঙ্গে সম্পর্কিত, তাই যুক্তরাজ্যেরও এতে ভূমিকা থাকা উচিত।”
নেপালের পক্ষ থেকে ইতোমধ্যে ভারতকে আনুষ্ঠানিক কূটনৈতিক নোট পাঠানো হয়েছে বলে জানান শাহ। তিনি বলেন, দুই দেশই ইতিহাসবিদ, জরিপবিদ ও বিশেষজ্ঞদের নিয়ে যৌথ দল গঠন করে আলোচনার মাধ্যমে সমাধানের বিষয়ে সম্মত হয়েছে।
এর আগে মে মাসের শুরুতে ভারত লিপুলেখ, লিম্পিয়াধুরা ও কালাপানি নিয়ে নেপালের দাবি প্রত্যাখ্যান করে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, লিপুলেখ পাস দীর্ঘদিন ধরে কৈলাস-মানস সরোবর যাত্রার স্বীকৃত রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে।
নেপাল এর জবাবে জানায়, ১৮১৬ সালের সুগৌলি চুক্তি অনুযায়ী মহাকালী নদীর পূর্বে অবস্থিত ওই অঞ্চল নেপালের অংশ।
বিশ্লেষকদের মতে, দুই দেশের সীমান্ত বিরোধ দীর্ঘদিনের হলেও সাম্প্রতিক সময়ে কূটনৈতিক বক্তব্যের কারণে উত্তেজনা নতুন করে সামনে এসেছে। তবে উভয় পক্ষই আলোচনার মাধ্যমে সমাধানের কথা বলছে।
এনএফ৭১/ওতু
বিষয়:
