মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১ জুন ২০২৬, ১২:১৯ পিএম

সংগৃহীত

মধ্যপ্রাচ্যের একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরানের এলিট সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

সোমবার (১ জুন) ভোরে এই হামলা চালানো হয় বলে এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানায় আইআরজিসি। তবে হামলার শিকার ঘাঁটিটি মধ্যপ্রাচ্যের কোন দেশে অবস্থিত—তা নিরাপত্তাজনিত কারণে প্রকাশ করা হয়নি।

বিবৃতিতে বলা হয়, এর আগে ইরানের দক্ষিণ হরমুজগান প্রদেশের সিরিক দ্বীপে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ টেলিযোগাযোগ টাওয়ারে মার্কিন বাহিনী হামলা চালায়। এর পাল্টা প্রতিক্রিয়ায় ওই মার্কিন ঘাঁটিতে হামলা করা হয়েছে বলে দাবি করে আইআরজিসি।

ইরানি বাহিনীর দাবি অনুযায়ী, তাদের অ্যারোস্পেস ইউনিট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হেনে নির্ধারিত সব টার্গেট সফলভাবে ধ্বংস করেছে।

একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়ে আইআরজিসি জানায়, ভবিষ্যতে ইরানের ওপর যেকোনো ধরনের আগ্রাসনের জবাব আরও কঠোর ও ভিন্ন মাত্রার হবে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও অবনতি হলে তার দায় সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রকে নিতে হবে বলেও সতর্ক করা হয়।

এদিকে মার্কিন প্রতিরক্ষা দপ্তর বা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

এর আগে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, হরমুজগান প্রদেশের গরুক ও কেশম দ্বীপে অবস্থিত ইরানের রাডার এবং ড্রোন কমান্ড-কন্ট্রোল সেন্টারে “আত্মরক্ষামূলক হামলা” চালানো হয়েছে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গুর অবস্থায় পৌঁছেছে, যা মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top