মিয়ানমারের শান রাজ্যে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ৫৫
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১ জুন ২০২৬, ১২:০১ পিএম
মিয়ানমারের উত্তরাঞ্চলে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৫৫ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। আকস্মিক এই ঘটনায় আরও বহু মানুষ আহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
চীনের সীমান্তসংলগ্ন শান রাজ্যের নামখাম টাউনশিপের কাউং তাত গ্রামে রোববার স্থানীয় সময় দুপুরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতায় পুরো এলাকা মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় এবং চারদিকে আগুন ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এলাকাটি বর্তমানে সামরিক জান্তার বিরুদ্ধে লড়াইরত সশস্ত্র গোষ্ঠী তাআং ন্যাশনাল লিবারেশন আর্মির (টিএনএলএ) নিয়ন্ত্রণে রয়েছে। গোষ্ঠীটির পক্ষ থেকে জানানো হয়েছে, খনি ও পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত বিস্ফোরক পদার্থের অসাবধানতাবশত ব্যবহারের কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের স্থানে বিশাল গর্ত তৈরি হয়েছে এবং আশপাশের বহু বাড়িঘর সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। পোড়া গাছপালা ও ধ্বংসাবশেষ থেকে দীর্ঘ সময় ধরে ধোঁয়া উঠতে দেখা যায়।
ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের অনেকেই প্রথমে এটিকে বিমান হামলা মনে করেছিলেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
বিশ্লেষকদের মতে, মিয়ানমারের সংঘাতপূর্ণ অঞ্চলগুলোতে খনিজ সম্পদ উত্তোলনের সময় নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি ও নিয়ন্ত্রণহীন বিস্ফোরক ব্যবহারের কারণে এমন ভয়াবহ দুর্ঘটনা বারবার ঘটছে।
এনএফ৭১/ওতু
বিষয়:
