নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে উত্তাল তেল আবিব
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১ জুন ২০২৬, ০৯:৪১ এএম
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ এবং আগাম নির্বাচনের দাবিতে তেল আবিবে ব্যাপক বিক্ষোভ করেছেন হাজারো ইসরায়েলি নাগরিক। শনিবার রাতে আয়োজিত এ কর্মসূচিকে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় সরকারবিরোধী আন্দোলন হিসেবে আখ্যায়িত করেছে দেশটির গণমাধ্যম।
বিক্ষোভে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। তারা সরকারের নীতির তীব্র সমালোচনা করে দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানান।
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, বিক্ষোভকারীরা তেল আবিবের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে মিছিল করেন। শহরের কেন্দ্রস্থল কাপলান স্ট্রিট, থিয়েটার স্কয়ার এবং হাবিমা স্কয়ারে জড়ো হয়ে তারা নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে স্লোগান দেন এবং নেতৃত্ব পরিবর্তনের আহ্বান জানান।
এক পর্যায়ে বিক্ষোভকারীরা আয়ালন মহাসড়কসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েকজনকে আটক করা হয়েছে।
বিক্ষোভকারীদের অন্যতম দাবি ছিল ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলা এবং এর পরবর্তী নিরাপত্তা ব্যর্থতার বিষয়ে নিরপেক্ষ তদন্ত। তাদের অভিযোগ, সরকার ঘটনার দায় এড়িয়ে যাচ্ছে এবং জবাবদিহিতা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।
এদিকে উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলার পর নতুন নিরাপত্তা সতর্কতা জারি করেছে ইসরায়েল হোম ফ্রন্ট কমান্ড। সংস্থাটি জানিয়েছে, সীমান্তবর্তী ও উত্তরাঞ্চলীয় এলাকাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
অন্যদিকে দক্ষিণ লেবাননের বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহ যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ আরও তীব্র হয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। হিজবুল্লাহ দাবি করেছে, তারা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ অভিযান অব্যাহত রেখেছে।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট এবং সীমান্ত পরিস্থিতির অবনতি দেশটির সরকারের ওপর নতুন চাপ সৃষ্টি করেছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
এনএফ৭১/ওতু
বিষয়:
