মোদির সঙ্গে বৈঠকে মিয়ানমারের প্রেসিডেন্ট, গুরুত্ব পাচ্ছে বাণিজ্য
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৩১ মে ২০২৬, ০৩:৪৬ পিএম
মিয়ানমারের ‘বেসামরিক’ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বিদেশ সফরে ভারত গেছেন দেশটির সাবেক সেনাপ্রধান ও বর্তমান প্রেসিডেন্ট মিন অং হ্লাইং। বার্তাসংস্থা এএফপির তথ্য অনুযায়ী, তিনি ইতোমধ্যে ভারতে পৌঁছেছেন।
দুই দেশের সরকারি সূত্র জানিয়েছে, পাঁচ দিনের এই সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র সঙ্গে বৈঠক করবেন মিন অং হ্লাইং। এছাড়া ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময়ের কথা রয়েছে তার।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বিহারে লাল গালিচা সংবর্ধনার মাধ্যমে মিন অং হ্লাইংকে স্বাগত জানানোর ছবি প্রকাশ করেন।
রণধীর জয়সওয়াল বলেন, এই সফর দুই দেশের মধ্যে বিদ্যমান আধ্যাত্মিক, ঐতিহাসিক ও জনগণের পারস্পরিক সম্পর্কের গভীরতাকে প্রতিফলিত করে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু-র সঙ্গে বৈঠক করবেন মিন অং হ্লাইং। পরে তিনি মুম্বাই সফর করবেন।
ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা, সীমান্ত সহযোগিতা, নিরাপত্তা এবং অর্থনৈতিক অংশীদারত্বের বিষয়গুলো গুরুত্ব পাবে।
নয়াদিল্লির তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে ভারত ও মিয়ানমার-এর মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ১৯৫ কোটি মার্কিন ডলারে পৌঁছেছে।
২০২১ সালের সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের প্রায় পাঁচ বছর পর চলতি বছরের এপ্রিলে মিন অং হ্লাইং প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। এর মাধ্যমে বেসামরিক পদে থেকেও তিনি দেশটির শীর্ষ নেতৃত্বে অবস্থান বজায় রাখেন।
তার শপথগ্রহণ অনুষ্ঠানে চীন, ভারত ও থাইল্যান্ড-সহ ২০টি দেশের প্রতিনিধি অংশ নেন।
এনএফ৭১/ওতু
বিষয়:
