সার্বভৌমত্ব রক্ষায় মার্কিন ড্রোন ধ্বংসের দাবি তেহরানের

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৩১ মে ২০২৬, ১২:০৪ পিএম

সংগৃহীত

কঠোর হুঁশিয়ারির পর ইরানের জলসীমায় প্রবেশ করা একটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি-তে প্রচারিত এক বিবৃতিতে এ দাবি করা হয়। খবর আল জাজিরা।

আইআরজিসির দাবি অনুযায়ী, ভূপাতিত ড্রোনটি ছিল এমকিউ-১ মডেলের একটি মানববিহীন আকাশযান, যা ইরানের জলসীমায় প্রবেশ করে ‘শত্রুতামূলক অভিযান’ পরিচালনার চেষ্টা করছিল।

বিবৃতিতে বলা হয়, ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটিকে শনাক্ত করার পরপরই সেটিকে লক্ষ্যবস্তু করে এবং আধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়।

আইআরজিসি আরও জানায়, ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তার বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের জবাব কঠোর ও সিদ্ধান্তমূলকভাবে দেওয়া হবে।

তবে ড্রোনটি কোথায় ভূপাতিত হয়েছে, কখন ঘটনাটি ঘটেছে কিংবা এর ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে কি না—এ বিষয়ে কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।

এ ঘটনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিশ্লেষকদের মতে, ইরান-যুক্তরাষ্ট্র চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এ ধরনের ঘটনা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। বিশেষ করে হরমুজ প্রণালীসহ আশপাশের অঞ্চলে সামরিক নজরদারি ও টহল কার্যক্রম ইতোমধ্যে বৃদ্ধি পেয়েছে।

ইরান এর আগেও একাধিকবার বিদেশি ড্রোন তাদের আকাশ বা জলসীমা লঙ্ঘন করেছে বলে দাবি করে সেগুলো ভূপাতিত করার কথা জানিয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top