নয়াদিল্লিতে পাঁচতলা ভবন ধসে ভয়াবহ দুর্ঘটনা
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৩১ মে ২০২৬, ১২:০৩ পিএম
ভারতের রাজধানী নয়াদিল্লির দক্ষিণাঞ্চলে একটি পাঁচতলা বাণিজ্যিক ভবন ধসে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। শনিবার (৩০ মে) সন্ধ্যায় সাকেত মেট্রো স্টেশনের কাছে সাইদুলাজাব এলাকার ওয়েস্টার্ন মার্গে এ ঘটনা ঘটে।
ভবন ধসের পর পুরো এলাকা মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয়। লোহার রড, ভাঙা পিলার ও কংক্রিটের টুকরো চারদিকে ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় এখন পর্যন্ত ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তবে ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস, পুলিশ ও দুর্যোগ মোকাবেলা বাহিনী যৌথভাবে কাজ করছে।
স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ধসে পড়া ভবনটিতে একটি মেডিকেল কোচিং ইনস্টিটিউট, কয়েকটি ক্যাফে ও করপোরেট অফিস ছিল। ভবনের তৃতীয় তলায় কিছুদিন ধরে নির্মাণকাজ চলছিল। শনিবার সন্ধ্যা পৌনে ৮টার দিকে হঠাৎ ভবনটি ধসে পাশের একটি অস্থায়ী ক্যান্টিনের ওপর পড়ে।
দুর্ঘটনার সময় ওই ক্যান্টিনে বহু শিক্ষার্থী খাবার খাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীদের মতে, সেখানে অন্তত ৩০ থেকে ৩৫ জন শিক্ষার্থী ছিলেন। স্থানীয়দের আশঙ্কা, ধ্বংসস্তূপের নিচে ১০০ থেকে ১৫০ জন পর্যন্ত আটকে থাকতে পারেন।
এক প্রত্যক্ষদর্শী বলেন, হঠাৎ বিকট শব্দে পুরো এলাকা ধুলোর মেঘে ঢেকে যায়। ধুলো সরে গেলে দেখা যায় পুরো ভবন ধসে পড়েছে এবং ভেতর থেকে চিৎকার শোনা যাচ্ছিল।
ধসে পড়া ভবনের পাশে থাকা একটি মেডিকেল কোচিং সেন্টারের এক শিক্ষার্থীকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উদ্ধার অভিযানে এক্সক্যাভেটর, হাইড্রোলিক কাটার, ভিকটিম লোকেশন ক্যামেরা ও বিশেষ প্রশিক্ষিত স্নিফার ডগ ব্যবহার করা হচ্ছে। রাতের অন্ধকারে ফ্লাডলাইটের মাধ্যমে অভিযান চালানো হচ্ছে।
দিল্লি ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রথমে তিনটি ইঞ্জিন পাঠানো হলেও পরে আরও ইউনিট মোতায়েন করা হয়। জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনীও (NDRF) উদ্ধারকাজে যুক্ত হয়েছে।
দক্ষিণ দিল্লির পুলিশ জানিয়েছে, ভবনটির নির্মাণ অনুমতি ও গাফিলতির বিষয় খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে এবং একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এনএফ৭১/ওতু
বিষয়:
