ইরান যুদ্ধে ৬০ বিলিয়ন ডলার বাড়তি চাপে মার্কিনীরা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৩১ মে ২০২৬, ১২:০১ পিএম

সংগৃহীত

ইরান-ইসরায়েল সংঘাতকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার অর্থনৈতিক প্রভাব যুক্তরাষ্ট্রে ব্যাপকভাবে পড়েছে। নতুন এক বিশ্লেষণে বলা হয়েছে, এই পরিস্থিতির কারণে দেশটির প্রতিটি পরিবারের খরচ শত শত ডলার বেড়েছে এবং সামগ্রিকভাবে ভোক্তারা অতিরিক্ত প্রায় ৬০ বিলিয়ন ডলার ব্যয়ের বোঝা বহন করছেন।

গবেষণা প্রতিষ্ঠান মুডিজ অ্যানালিটিকসের তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘাতের পর জ্বালানি-সংশ্লিষ্ট খাতে প্রতিটি মার্কিন পরিবারকে গড়ে অতিরিক্ত ৪৪৭ দশমিক ১৯ ডলার ব্যয় করতে হয়েছে।

সিএনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পেট্রোলের দাম বৃদ্ধি এবং বিমান ভাড়া বেড়ে যাওয়ার কারণে গত তিন মাসে যুক্তরাষ্ট্রের ভোক্তারা সম্মিলিতভাবে এই অতিরিক্ত ব্যয়ের মুখোমুখি হয়েছেন।

অর্থনীতিবিদদের মতে, সংঘাত দীর্ঘস্থায়ী হলে এই আর্থিক চাপ আরও বাড়তে পারে। মুডিজের প্রধান অর্থনীতিবিদ মার্ক জ্যান্ডি সতর্ক করে বলেন, যুদ্ধ অব্যাহত থাকলে ভোক্তাদের ব্যয় আরও নিয়ন্ত্রণে রাখতে হবে, যা ইতোমধ্যেই দুর্বল অর্থনীতিকে ঝুঁকির মুখে ফেলতে পারে।

বিশ্লেষণে আরও বলা হয়েছে, জ্বালানির বর্তমান দাম অপরিবর্তিত থাকলে যুদ্ধের এক বছর পূর্তিতে প্রতিটি মার্কিন পরিবারকে গড়ে প্রায় দুই হাজার ডলার পর্যন্ত অতিরিক্ত ব্যয় করতে হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতি বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি করেছে এবং মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব বিশ্ব অর্থনীতির বহু ক্ষেত্রেই ছড়িয়ে পড়ছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top