ইরানের পথে বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৩১ মে ২০২৬, ১১:৫৯ এএম
ইরানের দিকে যাত্রারত একটি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সেটির চলাচল অক্ষম করে দেওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মার্কিন কর্তৃপক্ষের ভাষ্য, জাহাজটি তাদের ঘোষিত অবরোধ অমান্য করছিল এবং একাধিক সতর্কবার্তা দেওয়ার পরও নির্দেশ মানেনি।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, আন্তর্জাতিক জলসীমা দিয়ে ওমান উপসাগরের একটি ইরানি বন্দরের দিকে অগ্রসর হওয়া ‘এম/ভি লিয়ান স্টার’ নামের জাহাজটিকে তারা পর্যবেক্ষণে রাখে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, জাহাজটিকে ২০টিরও বেশি সতর্কবার্তা দেওয়া হয় এবং ক্রুদের জানানো হয় যে তারা যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ লঙ্ঘন করছে।
মার্কিন সামরিক বাহিনীর দাবি অনুযায়ী, সতর্কবার্তা উপেক্ষা করায় একটি মার্কিন সামরিক বিমান থেকে জাহাজটির ইঞ্জিন কক্ষ লক্ষ্য করে ‘হেলফায়ার’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এতে জাহাজটি অচল হয়ে পড়ে এবং এর চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।
সেন্ট্রাল কমান্ড আরও জানায়, হামলার পর জাহাজটি আর ইরানের দিকে অগ্রসর হতে পারেনি এবং কার্যত তার যাত্রা শেষ হয়ে গেছে।
একই বিবৃতিতে দাবি করা হয়, অবরোধ কার্যকর রাখতে এ পর্যন্ত পাঁচটি বাণিজ্যিক জাহাজকে অক্ষম করা হয়েছে এবং ১১৬টি জাহাজকে তাদের নির্ধারিত রুট পরিবর্তনে বাধ্য করা হয়েছে।
মার্কিন কর্তৃপক্ষের মতে, এসব পদক্ষেপের লক্ষ্য হলো ঘোষিত অবরোধ কঠোরভাবে বাস্তবায়ন করা।
তবে এ বিষয়ে জাহাজটির মালিকপক্ষ বা ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এনএফ৭১/ওতু
বিষয়:
