ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় হিজবুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৩১ মে ২০২৬, ১১:৫২ এএম

সংগৃহীত

দক্ষিণ লেবাননে ইসরায়েলের সামরিক অভিযানের জবাবে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।

হিব্রু ভাষার বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা গেছে, শনিবার হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের উত্তরাঞ্চলীয় গ্যালিলি অঞ্চল এবং এর আশপাশের একাধিক স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে বিভিন্ন শহর ও বসতিতে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে এবং হাজার হাজার মানুষ বোমা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে বাধ্য হয়।

স্থানীয় সূত্রের দাবি, হামলার প্রাথমিক ধাপে অন্তত আটটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, যার মধ্যে একটি কিরায়াত শিমোনা শহরের একটি স্থাপনায় আঘাত হানে।

হিজবুল্লাহ এক বিবৃতিতে জানায়, গত ২৪ ঘণ্টায় তারা ইসরায়েলি সেনাবাহিনীর অবস্থান ও সামরিক সরঞ্জামের বিরুদ্ধে মোট ২২টি পৃথক অভিযান পরিচালনা করেছে। সংগঠনটির দাবি, এসব হামলা ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘন, বেসামরিক নাগরিকদের ওপর হামলা এবং দক্ষিণ লেবাননের ঘরবাড়ি ধ্বংসের প্রতিক্রিয়া।

প্রতিবেদনে বলা হয়, চলমান সংঘাতের শুরু থেকে এ পর্যন্ত অন্তত ২৪ জন ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারী নিহত হয়েছে, যাদের মধ্যে বেশিরভাগই সেনাসদস্য।

অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা লেবাননের জাহরানি নদীর দক্ষিণাঞ্চলকে “যুদ্ধাঞ্চল” হিসেবে ঘোষণা করেছে। সীমান্ত থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরের এই এলাকাকে লক্ষ্য করে অভিযান পরিচালনার প্রস্তুতির কথাও জানানো হয় এবং বাসিন্দাদের এলাকা ত্যাগের নির্দেশ দেওয়া হয়।

প্রতিবেদনে হিজবুল্লাহর ব্যবহৃত ফার্স্ট-পার্সন ভিউ (FPV) ড্রোন নিয়েও আলোচনা করা হয়েছে। এসব ছোট আকারের আত্মঘাতী ড্রোন বিস্ফোরক বহনে সক্ষম এবং ফাইবার-অপটিক কেবলের মাধ্যমে নিয়ন্ত্রিত হওয়ায় ইলেকট্রনিক জ্যামিংয়ের প্রভাব থেকে তুলনামূলকভাবে সুরক্ষিত বলে দাবি করা হচ্ছে।

হিব্রু দৈনিক মারিভ এসব ড্রোনকে “ভয়ঙ্কর দুঃস্বপ্ন” হিসেবে উল্লেখ করেছে এবং দাবি করেছে যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু উত্তরাঞ্চলে হিজবুল্লাহর বিরুদ্ধে নিয়ন্ত্রণ হারাচ্ছেন।

প্রতিবেদন অনুযায়ী, ২ মার্চ থেকে ইসরায়েল লেবাননে সম্প্রসারিত সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। এই সময়ে ৩,২০০ জনের বেশি নিহত, ৯,৬০০ জন আহত এবং ১৬ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top