কলম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচন আজ, এগিয়ে ইভান সেপেদা
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৩১ মে ২০২৬, ০৯:২৮ এএম
দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় ২০২৬–২০৩০ মেয়াদের নতুন প্রেসিডেন্ট নির্বাচনে আজ ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। রোববার দেশটির জনগণ তাদের পরবর্তী রাষ্ট্রপ্রধান নির্বাচনে ভোট দিচ্ছেন। নির্বাচনের প্রথম দফায় মোট ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল লড়াই আবর্তিত হচ্ছে তিনজন আলোচিত প্রার্থীকে ঘিরে।
ক্ষমতাসীন হিস্টোরিক প্যাক্ট জোটের প্রার্থী ইভান সেপেদা, ডানপন্থী রাজনীতিক অ্যাবেলার্দো দে লা এসপ্রিয়েলা এবং ডেমোক্রেটিক সেন্টার দলের প্রার্থী প্যালোমা ভ্যালেন্সিয়াকে নির্বাচনের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে।
বর্তমান প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর রাজনৈতিক উত্তরসূরি হিসেবে পরিচিত ইভান সেপেদা জনমত জরিপে এগিয়ে রয়েছেন। তিনি নিহত কমিউনিস্ট নেতা ম্যানুয়েল সেপেদা ভার্গাসের সন্তান। রাজনৈতিক সহিংসতা ও প্রাণনাশের হুমকির কারণে জীবনের একটি সময় নির্বাসনে কাটাতে হলেও পরে তিনি কলম্বিয়ার প্রগতিশীল রাজনীতির অন্যতম মুখ হিসেবে আত্মপ্রকাশ করেন।
নির্বাচনী প্রচারণায় ইভান সেপেদা সামাজিক সংস্কার কর্মসূচি অব্যাহত রাখা, দুর্নীতি দমন, আয়বৈষম্য কমানো, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কার এবং সংলাপের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছেন।
অন্যদিকে আইনজীবী ও ব্যবসায়ী অ্যাবেলার্দো দে লা এসপ্রিয়েলা কঠোর নিরাপত্তা নীতির পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি এল সালভাদরের প্রেসিডেন্ট নায়িব বুকেলের অপরাধ দমন কৌশলের প্রশংসা করে কলম্বিয়াতেও একই ধরনের পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন।
তার নির্বাচনী অঙ্গীকারের মধ্যে রয়েছে ১০টি বৃহৎ কারাগার নির্মাণ, বর্তমান সরকারের ‘টোটাল পিস’ নীতি বাতিল এবং মাদক পাচারকারী ও সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঠোর সামরিক অভিযান পরিচালনা। নিরাপত্তাজনিত হুমকির কারণে তিনি বুলেটপ্রুফ কাঁচের আড়ালে প্রচারণা চালাচ্ছেন।
ডেমোক্রেটিক সেন্টার দলের প্রার্থী প্যালোমা ভ্যালেন্সিয়া সাবেক প্রেসিডেন্ট আলভারো উরিবের রাজনৈতিক আদর্শ ‘উরিবিজমো’ পুনরায় রাষ্ট্রক্ষমতায় ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন।
তিনি সরকারের নিরাপত্তা নীতির সমালোচনা করে প্রতিরক্ষা খাতে ব্যয় বৃদ্ধি এবং অতিরিক্ত ৬০ হাজার সেনা ও পুলিশ সদস্য নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি তিনি ‘প্ল্যান কলম্বিয়া ২.০’ বাস্তবায়নের প্রস্তাব দিয়েছেন, যা অতীতের যুক্তরাষ্ট্র–কলম্বিয়া মাদকবিরোধী সহযোগিতার মডেলের অনুসরণে পরিচালিত হবে।
এ নির্বাচনে আরও অংশ নিয়েছেন সাবেক অ্যান্টিওকিয়া গভর্নর সের্হিও ফাহার্দো, সাবেক বোগোটা মেয়র ক্লাউদিয়া লোপেজ, সাবেক মন্ত্রী ড্যানিয়েল পালাসিওস ও মৌরিসিও লিজকানোসহ আরও কয়েকজন পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব। তবে জনমত জরিপে তারা পিছিয়ে রয়েছেন।
সর্বশেষ জরিপ অনুযায়ী, ইভান সেপেদা প্রায় ৩৭ দশমিক ৮ শতাংশ সমর্থন নিয়ে শীর্ষে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাবেলার্দো দে লা এসপ্রিয়েলার সমর্থন ২৮ দশমিক ১ শতাংশ এবং প্যালোমা ভ্যালেন্সিয়ার সমর্থন ১৮ দশমিক ৬ শতাংশ। অন্য প্রার্থী ও অনির্ধারিত ভোটারদের অংশ প্রায় ১৫ দশমিক ৫ শতাংশ।
কলম্বিয়ার নির্বাচনী আইন অনুযায়ী, কোনো প্রার্থী প্রথম দফায় ৫০ শতাংশের বেশি ভোট না পেলে শীর্ষ দুই প্রার্থীকে নিয়ে আগামী ২১ জুন দ্বিতীয় দফার নির্বাচন অনুষ্ঠিত হবে। ফলে দেশটি আরেকটি উত্তেজনাপূর্ণ রানঅফ নির্বাচনের দিকে এগিয়ে যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এনএফ৭১/ওতু
বিষয়:
