খামেনির রাষ্ট্রীয় জানাজা আয়োজনের প্রস্তুতি শুরু
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৩০ মে ২০২৬, ০১:২৩ পিএম
ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জন্য একটি জাঁকজমকপূর্ণ ও বিশাল রাষ্ট্রীয় জানাজা অনুষ্ঠানের প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে দেশটির প্রশাসন। তবে এই অনুষ্ঠানটি ঠিক কোন তারিখে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সময়সূচি ঘোষণা করা হয়নি।
শনিবার (৩০ মে) এক বিশেষ প্রতিবেদনে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায়।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক এই শীর্ষ নেতার জানাজা ও স্মরণসভা সফলভাবে সম্পন্ন করতে ইতিমধ্যে একটি বিশেষ উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। তেহরানের ইসলামি প্রচার সমন্বয় পরিষদের প্রধান মহসেন মাহমুদি জানান, বিভিন্ন সরকারি সংস্থা ও সংশ্লিষ্ট দপ্তরগুলো অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি এবং মাঠপর্যায়ের কাজ শুরু করেছে।
প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বাহিনীর বিমান হামলার প্রথম দফায় ইরানের এই শীর্ষ ধর্মীয় নেতা নিহত হন। তিনি দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ রাষ্ট্রীয় ও ধর্মীয় নেতৃত্বে ছিলেন। ওই হামলায় তার ছেলে ও বর্তমান উত্তরসূরি মুজতাবা খামেনিও আহত হন।
দেশটিতে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে রাষ্ট্রীয় জানাজা আয়োজনের প্রক্রিয়াটি বারবার পিছিয়ে যায়। এর আগে এপ্রিল মাসে তেহরানে একটি স্মরণসভা অনুষ্ঠিত হলেও পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় জানাজা বা দাফন প্রক্রিয়া সম্পন্ন করা যায়নি।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, নিরাপত্তা নিশ্চিত করতে ও অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে ভূরাজনৈতিক উত্তেজনা এখনো পুরোপুরি কমেনি।
এনএফ৭১/ওতু
বিষয়:
