জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সায়নী চক্রবর্তীর মৃত্যু, তদন্তে পুলিশ
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৩০ মে ২০২৬, ০১:১৮ পিএম
ভারতের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সায়নী চক্রবর্তী মারা গেছেন। তিনি মূলত হাস্যরসাত্মক ভিডিও এবং তার পোষ্য ‘সুন্দরী’র গল্পভিত্তিক কনটেন্ট তৈরি করতেন। গরু, কুকুরসহ বিভিন্ন প্রাণীকে ঘিরে তার ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। তার আকস্মিক মৃত্যুতে অনুসারীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
পরিবার সূত্রে জানা গেছে, সম্প্রতি সায়নীর গ্র্যাজুয়েশন সম্পন্ন হয়েছিল এবং সেই আনন্দঘন মুহূর্তের ছবি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন। কয়েক দিনের মধ্যেই এমন ঘটনা ঘটবে—তা কেউ কল্পনাও করেননি।
শোনা যাচ্ছে, দীর্ঘদিন ধরে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। পাশাপাশি ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনও তার মানসিক চাপের কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
সায়নী ও তার মা মলি চক্রবর্তী সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত মুখ ছিলেন। মা-মেয়ের যৌথ পেজ ছাড়াও তাদের আলাদা পেজ ছিল। মৃত্যুর একদিন আগেও তাদের পেজে পোষ্য ‘সুন্দরী’কে নিয়ে নতুন ভিডিও প্রকাশিত হয়।
বৃহস্পতিবার (২৮ মে) সকালেও মলি চক্রবর্তীর পেজে কিছু ভিডিও পোস্ট করা হয়েছিল, যেখানে পোষ্যদের দেখা গেলেও সায়নী উপস্থিত ছিলেন না। কয়েক ঘণ্টার মধ্যেই তার মৃত্যুর খবর আসে।
মেয়ের মৃত্যু নিয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি মলি চক্রবর্তী। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানাচ্ছেন অসংখ্য অনুসারী।
এনএফ৭১/ওতু
বিষয়:
