জেলেনস্কিকে দেওয়া পোল্যান্ডের সর্বোচ্চ সম্মাননা প্রত্যাহারের ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৩০ মে ২০২৬, ০১:১৩ পিএম
পোল্যান্ডের প্রেসিডেন্ট ক্যারল নাওরোচকি ঘোষণা করেছেন, তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে দেওয়া পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা “অর্ডার অব দ্য হোয়াইট ঈগল” প্রত্যাহারের উদ্যোগ নেবেন। শুক্রবার (২৯ মে) তিনি এ কথা জানান বলে আনাদলুর প্রতিবেদনে বলা হয়েছে।
তিনি জানান, ইউক্রেন সম্প্রতি একটি সামরিক ইউনিটের নামকরণ করেছে ইউক্রেনীয় বিদ্রোহী সেনাবাহিনী (ইউপিএ)-এর বীরদের নামে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউপিএ-র সদস্যরা হাজার হাজার জাতিগত পোলিশ নাগরিক হত্যার জন্য দায়ী ছিল বলে পোল্যান্ডের দাবি।
এই সিদ্ধান্তকে কেন্দ্র করে পোল্যান্ড ও ইউক্রেনের মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক বিরোধ নতুন করে সামনে এসেছে। তবে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে পোল্যান্ড এখনো ইউক্রেনের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামরিক সমর্থক হিসেবে রয়েছে।
২৬ মে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি একটি ডিক্রির মাধ্যমে একটি বিশেষ অভিযান ইউনিটকে “হিরোজ অব দ্য ইউপিএ” নাম দেন। তিনি এটিকে দেশের জাতীয় সামরিক ঐতিহ্য পুনরুদ্ধারের অংশ হিসেবে উল্লেখ করেন। তবে এই সিদ্ধান্ত পোল্যান্ডের রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে।
নাওরোচকি বলেন, এ ধরনের সিদ্ধান্ত ভুক্তভোগীদের স্মৃতিকে আঘাত করে এবং পোল্যান্ড-ইউক্রেন পুনর্মিলনের প্রচেষ্টার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। একই ধরনের অবস্থান জানিয়েছে পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ও, যারা বলেছে এই পদক্ষেপ দুই দেশের মধ্যে সংলাপকে ক্ষতিগ্রস্ত করছে।
ইউপিএ নিয়ে বিতর্ক দীর্ঘদিনের। পোল্যান্ডের ইতিহাসবিদদের মতে, ১৯৪৩ থেকে ১৯৪৫ সালের মধ্যে ভলহিনিয়া ও পূর্ব গালিসিয়া অঞ্চলে ইউপিএ যোদ্ধারা প্রায় এক লাখ পোলিশ বেসামরিক নাগরিককে হত্যা করে জাতিগত নির্মূল অভিযান চালায়।
অন্যদিকে ইউক্রেনের একটি অংশ ইউপিএ-কে নাৎসি জার্মানি ও সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে স্বাধীনতার সংগ্রামের অংশ হিসেবে বিবেচনা করে।
এনএফ৭১/ওতু
বিষয়:
