হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে ‘ফলপ্রসূ আলোচনা’ ইরানের

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৩০ মে ২০২৬, ১১:৩৯ এএম

সংগৃহীত

কৌশলগত হরমুজ প্রণালি এবং এর ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে ওমানের সঙ্গে “ফলপ্রসূ আলোচনা” হয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

শুক্রবার (২৯ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদির সঙ্গে আলোচনায় হরমুজ প্রণালির আইনি কাঠামো এবং আন্তর্জাতিক আইন ও সার্বভৌম দায়িত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।

আরাঘচি বলেন, বিশ্বের জ্বালানি বাণিজ্যের একটি বড় অংশ এই জলপথ দিয়ে প্রবাহিত হয়। তাই এর নিরাপদ ও কার্যকর ব্যবস্থাপনা আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বার্থের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত।

ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, তেহরান ও মাস্কাট যৌথভাবে এমন দায়িত্বশীল নীতি গ্রহণ করছে, যা প্রণালীতে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করবে এবং আন্তর্জাতিক আইন মেনে পরিচালিত হবে।

এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা ও পরোক্ষ আলোচনার বিষয়েও কথা হয়েছে বলে জানানো হয়েছে। পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় এসব আলোচনা চলছে। ইরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র “অতিরিক্ত চাপ ও দ্বিমুখী অবস্থান” বজায় রাখলে কোনো চূড়ান্ত সমঝোতা সম্ভব নয়।

ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, ইরান আলোচনার চেয়ে শক্ত অবস্থান ও সামরিক প্রস্তুতির মাধ্যমেই কৌশলগত সুবিধা অর্জন করে।

তিনি আরও মন্তব্য করেন, “যে পক্ষ যুদ্ধের জন্য বেশি প্রস্তুত, সেই পক্ষই চুক্তির প্রকৃত সুবিধা পায়।”

ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হুমকিমূলক অবস্থান ও পদক্ষেপ আঞ্চলিক স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করছে। এরই প্রেক্ষিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই যুক্তরাষ্ট্রকে “একটি স্বাধীন রাষ্ট্রকে ব্ল্যাকমেইল করার চেষ্টা” করছে বলে মন্তব্য করেছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top