যুদ্ধবিরতি বাড়াতে ট্রাম্পের ‘চূড়ান্ত সিদ্ধান্ত’ বৈঠক
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৩০ মে ২০২৬, ১১:৩৮ এএম
ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে একটি নতুন চুক্তি নিয়ে ‘চূড়ান্ত সিদ্ধান্ত’ নিতে বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরানকে অবশ্যই প্রতিশ্রুতি দিতে হবে যে তারা কখনও পারমাণবিক অস্ত্র বা বোমা তৈরি করবে না। একই সঙ্গে হরমুজ প্রণালি উভয় দিকের জন্য অবাধ নৌ চলাচলের উপযোগী রাখতে হবে এবং জলপথে পাতা সব মাইন ধ্বংস করতে হবে বলেও তিনি দাবি করেন।
ট্রাম্প আরও জানান, তিনি বর্তমানে ‘সিচুয়েশন রুমে’ বৈঠকে যাচ্ছেন এবং সেখানেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশালে’ দেওয়া আরেক পোস্টে তিনি বলেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে আরোপিত অবরোধ প্রত্যাহারে প্রস্তুত এবং সেখানে আটকে পড়া জাহাজগুলোকে ‘ঘরে ফেরার প্রক্রিয়া’ শুরু করতে বলা হয়েছে।
তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রকে ইরানের কাছ থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিয়ে তা ধ্বংস করার সুযোগ দিতে হবে। পাশাপাশি তিনি উল্লেখ করেন, “পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত কোনো অর্থ লেনদেন হবে না।”
ট্রাম্প দাবি করেন, অন্যান্য কিছু কম গুরুত্বপূর্ণ বিষয়ে উভয় পক্ষের মধ্যে ইতোমধ্যে সমঝোতা হয়েছে।
এদিকে ইরান এসব শর্ত ও আলোচনার বিষয়কে প্রত্যাখ্যান করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, ইরান মূলত যুদ্ধ অবসানের দিকে মনোযোগ দিচ্ছে, তবে পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো ধরনের আলোচনা হচ্ছে না।
বিশ্লেষকদের মতে, দুই পক্ষের এমন পরস্পরবিরোধী অবস্থান মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও জটিল করে তুলতে পারে।
এনএফ৭১/ওতু
বিষয়:
