ইরান যুদ্ধ অবিলম্বে বন্ধের আহ্বান নিউইয়র্ক মেয়র জোহরান মামদানির

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৯ মে ২০২৬, ০১:৫৯ পিএম

সংগৃহীত

ইরান যুদ্ধের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে এই সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি যুদ্ধটিকে ‘অনর্থক’ আখ্যা দিয়ে কঠোর সমালোচনা করেন।

পোস্টে মামদানি বলেন, তিন মাস আগে এমন একটি যুদ্ধ শুরু হয়েছিল, যার পক্ষে জনগণের কোনো ভোট ছিল না। অথচ এর মূল্য দিতে হচ্ছে সাধারণ মানুষকে, যাদের এ বিষয়ে মতামত জানানোর সুযোগও ছিল না।

তিনি বলেন, যুদ্ধের প্রভাব শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ নয়; বিদেশে থাকা বেসামরিক নাগরিকদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের শ্রমজীবী পরিবারগুলোকেও এর বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হচ্ছে।

মামদানির দাবি, এই সংঘাতে ইতোমধ্যে হাজার হাজার বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন। একই সঙ্গে নিহত ১৩ মার্কিন সেনাসদস্যের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, তারা আর কখনো তাদের পরিবারের কাছে ফিরতে পারবেন না।

যুদ্ধের অর্থনৈতিক প্রভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেন নিউইয়র্ক সিটির এই মেয়র। তার মতে, সংঘাতের কারণে জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে, যার চাপ পড়ছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। কংগ্রেসের অনুমোদন ছাড়াই শুরু হওয়া এই যুদ্ধ বহু পরিবারের আর্থিক সংকট আরও বাড়িয়ে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

পোস্টের শেষাংশে জোহরান মামদানি বলেন, শুরু থেকেই তিনি এই যুদ্ধের বিরোধিতা করে আসছেন এবং এখনো একই অবস্থানে রয়েছেন। তার মতে, যেকোনো মূল্যে এই সংঘাতের অবসান ঘটানো প্রয়োজন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top