ভারতে নির্মাণাধীন সেতু ধস, নিহত অন্তত ৬ শ্রমিক

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৯ মে ২০২৬, ০১:৫৮ পিএম

সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশ রাজ্যে প্রবল ঝড় ও ভারী বৃষ্টির মধ্যে নির্মাণাধীন একটি সেতু ধসে অন্তত ছয়জন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন এবং কয়েকজন শ্রমিক ধ্বংসস্তূপের নিচে ও সেতুর পিলারের ওপর আটকা পড়েছেন বলে জানা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (২৯ মে) রাত আনুমানিক ২টার দিকে উত্তর প্রদেশের হামিরপুর জেলায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বেতওয়া নদীর ওপর নির্মাণাধীন সেতুটি কুরারা এলাকার মার্কান্দার পার্সনি ও নেথি গ্রামকে সংযুক্ত করার জন্য তৈরি করা হচ্ছিল। তবে গভীর রাতে শুরু হওয়া প্রবল ঝড় ও ভারী বৃষ্টির সময় সেতুর একটি বড় অংশ হঠাৎ ধসে পড়ে।

সরকারি কর্মকর্তারা জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে সেতুর একটি ভারী কংক্রিট স্ল্যাব নিচে খসে পড়ে। এতে নিচে কাজ করা ও বিশ্রামে থাকা শ্রমিকদের ওপর কংক্রিট ও লোহার কাঠামো ভেঙে পড়ে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই স্থানীয় পুলিশ, এসডিআরএফ ও জেলা প্রশাসনের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। ভারী যন্ত্রপাতি ও ক্রেন ব্যবহার করে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের চেষ্টা চলছে।

এদিকে ঘটনাকালে আরও তিনজন শ্রমিক সেতুর একটি পিলারের ওপর আটকা পড়েন। তাদের নিরাপদে নামিয়ে আনার জন্য বিশেষ উদ্ধার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কী কারণে নির্মাণাধীন সেতুটির অংশ ধসে পড়ল এবং এতে কোনো ধরনের অবহেলা ছিল কি না, তা তদন্তে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।

সূত্র: এনডিটিভি

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top