রাশিয়ার কাছ থেকে সামরিক সহায়তার আশ্বাস পেল তালেবান সরকার
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৯ মে ২০২৬, ০১:৪২ পিএম
আফগানিস্তানের তালেবান সরকার রাশিয়ার কাছ থেকে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও সামরিক সহায়তা পাওয়ার আশ্বাস পেয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।
বিশ্বস্ত সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, তালেবান সরকারের প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ এ বিষয়ে রাশিয়ার সঙ্গে আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
সূত্রগুলো জানায়, এর আগেও মস্কোর সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে তালেবানের আলোচনা হয়েছিল। সাম্প্রতিক সফরে রাশিয়ার পক্ষ থেকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে চুক্তিতে শুধুমাত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, নাকি ড্রোন ও অন্যান্য হামলাসংক্রান্ত সামরিক সরঞ্জামও অন্তর্ভুক্ত হয়েছে—সেটি এখনো স্পষ্ট নয়। যদিও বিভিন্ন সূত্র দাবি করেছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পাশাপাশি স্থল সামরিক সরঞ্জাম সরবরাহ এবং তালেবান বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার বিষয়ও আলোচনায় রয়েছে।
জানা গেছে, মস্কোতে রাশিয়া ও তালেবান সরকারের প্রতিনিধিদের মধ্যে এ সংক্রান্ত নথিতে স্বাক্ষর হয়েছে। এ সময় রাশিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সের্গেই শোইগু এবং তালেবান সরকারের প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ উপস্থিত ছিলেন।
বিশ্লেষকদের মতে, আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতায় আসার পর থেকেই মস্কোর সঙ্গে তাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। এর ধারাবাহিকতায় তালেবান প্রতিনিধিদলের নিয়মিত রাশিয়া সফর দুই পক্ষের কৌশলগত সম্পর্কের ইঙ্গিত দিচ্ছে।
সূত্র: বিবিসি
এনএফ৭১/ওতু
বিষয়:
