ইসরায়েলকে কালো তালিকাভুক্ত করল জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৯ মে ২০২৬, ১১:৫৮ এএম

সংগৃহীত

যুদ্ধক্ষেত্র ও সংঘাতপূর্ণ অঞ্চলে যৌন সহিংসতার অভিযোগের ভিত্তিতে ইসরায়েলকে জাতিসংঘের ‘ব্ল্যাকলিস্টে’ অন্তর্ভুক্ত করা হয়েছে বলে দাবি করেছেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন।

তিনি জানান, এই সিদ্ধান্তের পর জাতিসংঘ মহাসচিব এ্যান্তিনিও গুতেরেস এর কার্যালয়ের সঙ্গে সম্পর্ক স্থগিত করেছে ইসরায়েল। ড্যানন এই পদক্ষেপকে “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত” এবং “বাস্তবতাবিবর্জিত” বলে মন্তব্য করেন।

ইসরায়েলি দৈনিক দ্য জেরুজালেম পোস্ট–এর প্রতিবেদনে বলা হয়েছে, সংঘাত-সম্পর্কিত যৌন সহিংসতা (CRSV) বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বার্ষিক প্রতিবেদনের অংশ হিসেবে এই তালিকা তৈরি করা হয়েছে। এতে সংঘাতকালীন সময়ে ধর্ষণ ও অন্যান্য যৌন সহিংসতায় জড়িত পক্ষগুলোকে পর্যবেক্ষণ ও চিহ্নিত করা হয়।

প্রতিবেদনে আরও দাবি করা হয়, ২০২৬ সালের তালিকায় বিশেষভাবে ইসরায়েলের কারা কর্তৃপক্ষকে (Israel Prison Service) অন্তর্ভুক্ত করা হয়েছে এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাগুলোকেও নজরদারিতে রাখা হয়েছে।

২০২৩ সালের অক্টোবর থেকে ফিলিস্তিনি ভূখণ্ডে চলমান সংঘাতের প্রেক্ষাপটে বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং কিছু আন্তর্জাতিক গণমাধ্যমে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে যৌন সহিংসতার অভিযোগ সংক্রান্ত একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই জাতিসংঘ এই পদক্ষেপ নিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইসরায়েল এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে। জাতিসংঘে নিযুক্ত রাষ্ট্রদূত ডেন্নি ড্যানন অভিযোগ করেন, জাতিসংঘ ইসরায়েলকে কিছু চরমপন্থী গোষ্ঠীর সঙ্গে একই তালিকায় অন্তর্ভুক্ত করেছে।

তিনি দাবি করেন, এই সিদ্ধান্তের মাধ্যমে জাতিসংঘ তার নিরপেক্ষতা হারাচ্ছে এবং এটি একটি গুরুতর নৈতিক অবনতি।

তবে বিষয়টি নিয়ে জাতিসংঘের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত প্রতিক্রিয়া এখনো প্রকাশ করা হয়নি বলে জানা গেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top