যুদ্ধবিরতি চুক্তির সম্ভাবনায় বিশ্ববাজারে কমলো তেলের দাম
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৯ মে ২০২৬, ১১:৫৬ এএম
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাব্য চুক্তি ঘিরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমে গেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যের উত্তেজনা কিছুটা প্রশমনের সম্ভাবনায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ কমায় তেলের বাজারে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে।
বাজারদরের তথ্য অনুযায়ী, জুলাই মাসের ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ০.৩৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৩.৩৬ ডলারে নেমে এসেছে। একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) তেলের দাম ০.৭১ শতাংশ বা ৬৩ সেন্ট কমে ব্যারেলপ্রতি ৮৮.২৭ ডলারে দাঁড়িয়েছে। এছাড়া আগস্ট মাসের ব্রেন্ট ফিউচার ০.৫০ শতাংশ কমে ৯২.২৪ ডলারে নেমেছে।
চলতি সপ্তাহে সামগ্রিকভাবে তেলের দাম ৮ শতাংশের বেশি হ্রাস পেয়েছে। ব্রেন্ট তেলের দাম গত সপ্তাহের সর্বোচ্চ ১০৯.৪৭ ডলার থেকে কমে সর্বনিম্ন ৮৭.১১ ডলারে নেমে আসে।
রয়টার্স জানায়, গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো এবং হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে শিথিলতা আনার বিষয়ে একটি প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে বলে জানা গেছে।
তবে এই চুক্তি এখনো চূড়ান্ত হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো এতে অনুমোদন দেননি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমও জানিয়েছে, বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি।
এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরানের সঙ্গে চুক্তির বিষয়ে অগ্রগতি হলেও ওয়াশিংটন এখনো চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি, তবে তারা “সমঝোতার কাছাকাছি” অবস্থানে রয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:
