গাজার ৭০ শতাংশ এলাকা নিয়ন্ত্রণে নিতে সেনাবাহিনীকে নির্দেশ নেতানিয়াহুর

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৯ মে ২০২৬, ০৯:০৫ এএম

সংগৃহীত

বেনিয়ামিন নেতানিয়াহু গাজা উপত্যকার ৭০ শতাংশ এলাকা দখলে নিতে ইসরায়েলি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন। ইসরায়েলের টেলিভিশন চ্যানেল ১২–এ প্রচারিত এক ভিডিও বক্তব্যে তিনি এ তথ্য তুলে ধরেন।

বৃহস্পতিবার (২৮ মে) প্রচারিত ওই ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, বর্তমানে গাজা উপত্যকার প্রায় ৬০ শতাংশ এলাকা ইসরায়েলের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। তিনি সেনাবাহিনীকে সেই নিয়ন্ত্রণ আরও বাড়িয়ে ৭০ শতাংশে উন্নীত করার নির্দেশ দিয়েছেন।

ভিডিওতে উপস্থিত এক ব্যক্তি পুরো গাজা উপত্যকা দখলের আহ্বান জানালে নেতানিয়াহু জবাবে বলেন, “আমরা ধাপে ধাপে এগোচ্ছি। আগে ৭০ শতাংশ।” তবে ভবিষ্যতে পুরো গাজা নিয়ন্ত্রণে নেওয়ার সম্ভাবনাও তিনি উড়িয়ে দেননি বলে জানিয়েছে দ্য টাইমস অব ইসরায়েল।

এর আগে মার্চের মাঝামাঝি সময়ে ইসরায়েলি সেনাবাহিনী আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থাগুলোর কাছে যে মানচিত্র সরবরাহ করেছিল, তাতে দেখা যায়, তারা তথাকথিত ‘ইয়েলো লাইন’-এর বাইরেও অতিরিক্ত ১১ শতাংশ এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির সময় এই সীমারেখা নির্ধারণ করা হয়েছিল। ওই চুক্তির পর গাজার প্রায় ৬৪ শতাংশ এলাকা ইসরায়েলি নিয়ন্ত্রণে চলে যায়, যা আগে ছিল প্রায় ৫৩ শতাংশ।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top