পছন্দ না হওয়ায় স্ত্রীকে ৫০ হাজারে বিক্রি
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৭ মে ২০২৬, ০২:৫৮ পিএম
ভারতের গুজরাট রাজ্যের বনসকণ্ঠ জেলায় এক চাঞ্চল্যকর ঘটনায় নিজের স্ত্রীকে বিক্রি করে পরে থানায় গিয়ে ‘নিখোঁজ’ অভিযোগ করার কথা স্বীকার করেছেন এক যুবক। ঘটনাটিকে কেন্দ্র করে স্বামীসহ মোট ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অভিযুক্ত যুবকের নাম নিকেশ প্যাটেল। অভিযোগ অনুযায়ী, তিনি স্ত্রীকে ৫০ হাজার রুপিতে বিক্রি করেন। পরে গত ১৯ মে পালনপুর পশ্চিম থানায় গিয়ে স্ত্রী নিখোঁজ বলে অভিযোগ দায়ের করেন।
পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে সন্দেহ হলে নিকেশ প্যাটেলকে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে তিনি স্বীকার করেন, স্ত্রীকে পছন্দ না করায় বন্ধুদের সঙ্গে মিলে পরিকল্পিতভাবে তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।
তদন্ত অনুযায়ী, স্ত্রীকে ঘুরতে যাওয়ার প্রলোভন দেখিয়ে একটি নির্জন স্থানে নেওয়া হয়। সেখানে আগে থেকেই থাকা মানবপাচার চক্রের কাছে ৫০ হাজার রুপির বিনিময়ে তাকে তুলে দেওয়া হয়।
পুলিশের অনুসন্ধানে পরে ওই নারীর খোঁজ মেলে এবং একটি গোপন আস্তানা থেকে তাকে উদ্ধার করা হয়। তদন্তে অভিযুক্তের সঙ্গে জড়িত আরও কয়েকজনের সম্পৃক্ততা পাওয়া যায়।
উদ্ধারের পর ওই নারী অভিযোগ করেন, বিক্রির পর তাকে বিভিন্ন জায়গায় ঘোরানো হয় এবং শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে। তিনি গণধর্ষণ, গয়না ছিনিয়ে নেওয়া এবং হত্যার হুমকির অভিযোগও করেন।
এ ঘটনায় মানবপাচার, অপহরণ, নির্যাতন এবং অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে মামলা হয়েছে। স্বামী নিকেশ প্যাটেলসহ মোট সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্ত চলছে।
তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা
এনএফ৭১/ওতু
বিষয়:
