মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি রক্ষায় সব পক্ষকে চীনের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৭ মে ২০২৬, ০২:৫৭ পিএম

সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান নাজুক যুদ্ধবিরতি বজায় রাখতে সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আবারও আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্র ও ইরানকে পারস্পরিক সমঝোতার স্বার্থে কিছুটা ছাড় দেওয়ার আহ্বান জানান।

বুধবার চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক উন্মুক্ত বিতর্ক অধিবেশনে তিনি এ মন্তব্য করেন।

অধিবেশনে ইরান অভিযোগ করে, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এবং পাল্টা প্রতিশোধের হুঁশিয়ারিও দেয়। অভিযোগ অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বাহিনী দক্ষিণ ইরানের একটি ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলা চালিয়েছে এবং সমুদ্রে কয়েকটি নৌযানেও আক্রমণ করেছে।

এ ঘটনার ফলে চলমান যুদ্ধবিরতির ভিত্তিতে গড়ে ওঠা সম্ভাব্য শান্তি সমঝোতা হুমকির মুখে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বেইজিং সংঘাত নিরসনে সক্রিয়ভাবে কাজ করছে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় বজায় রাখছে। তিনি আশা প্রকাশ করেন, সব পক্ষ দ্রুত যুদ্ধবিরতি বজায় রেখে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনবে।

তিনি আরও বলেন, পাকিস্তানসহ বিভিন্ন দেশের মধ্যস্থতা প্রচেষ্টাকে চীন সমর্থন করে এবং যুক্তরাষ্ট্র ও ইরানের ইতিবাচক উদ্যোগকেও স্বাগত জানায়।

ওয়াং ই সব পক্ষকে পারস্পরিক সমঝোতার মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান পুনর্ব্যক্ত করেন।

সূত্র: বাসস

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top