যুদ্ধের আবহেও আল-আকসায় ঈদের জামাত

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৭ মে ২০২৬, ০১:৫১ পিএম

সংগৃহীত

পবিত্র ঈদুল আজহার প্রথম দিনে দখলকৃত জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে হাজারো মুসল্লি ঈদের নামাজ আদায় করেছেন। যুদ্ধ ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও বুধবার (২৭ মে) সকাল থেকেই মুসল্লিদের উপস্থিতিতে মসজিদ চত্বর মুখর হয়ে ওঠে।

বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, ঈদুল আজহার চার দিনের ছুটির প্রথম দিনে আল-আকসা মসজিদের চারপাশের এলাকা মুসল্লিদের ভিড়ে পরিপূর্ণ হয়ে যায়। সেখানে শান্তি ও নিরাপত্তার জন্য বিশেষ দোয়া করা হয়।

ঈদুল আজহা মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মহান আল্লাহর নির্দেশে হজরত ইবরাহিম (আ.)-এর কোরবানির স্মৃতিকে কেন্দ্র করেই এই উৎসব পালিত হয়। এ দিনে মুসলমানরা পশু কোরবানি করে এবং সেই মাংস দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করেন।

তবে এবারের ঈদ উদযাপিত হচ্ছে গাজায় চলমান সংঘাত ও যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগের মধ্যে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছরের অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলায় ৮৮০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

 এ ছাড়া আহত হয়েছেন আরও প্রায় ২ হাজার ৬৪৫ জন। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত ৭২ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়েছে। নিহতদের বড় অংশই নারী ও শিশু।

যুদ্ধের কারণে গাজার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। বহু মানুষ এখনও বাস্তুচ্যুত অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top