আরাফার আনুষ্ঠানিকতা শেষে মধ্যপ্রাচ্যে ঈদ উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৭ মে ২০২৬, ১০:০২ এএম

সংগৃহীত

পবিত্র হজের অন্যতম প্রধান আনুষ্ঠানিকতা ‘উকুফে আরাফা’ সম্পন্ন হওয়ার পর সৌদি আরবসহ বিভিন্ন মধ্যপ্রাচ্যের দেশে শুরু হয়েছে পবিত্র ঈদুল আজহার উদযাপন। বুধবার (২৭ মে) ঈদের নামাজ, কুরবানি ও ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে মুসলমানরা দিনটি পালন করছেন।

জিলহজের ৯ তারিখ মঙ্গলবার বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা প্রায় ১৬ লাখ হাজি আরাফাতের ময়দানে সমবেত হন। ইহরাম পরিহিত হাজিদের তাওবা, দোয়া ও ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো আরাফাত প্রান্তর। ইসলামী শরিয়তে আরাফাতে অবস্থান হজের প্রধান রুকন হিসেবে বিবেচিত।

দুপুরে নামিরা মসজিদে হজের খুতবা প্রদান করেন শায়খ আলি আল হুদাইফি। খুতবায় মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হয়। বাংলাসহ ৩৫টি ভাষায় খুতবার অনুবাদ সম্প্রচার করা হয়।

সূর্যাস্তের পর হাজিরা মুজদালিফায় রাতযাপন করেন এবং মিনায় শয়তানকে পাথর নিক্ষেপের জন্য কঙ্কর সংগ্রহ করেন। বুধবার ১০ জিলহজ মিনায় বড় জামারায় পাথর নিক্ষেপের মাধ্যমে ঈদুল আজহার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে হাজিরা কুরবানি, তাওয়াফ ও হজের অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।

এদিকে সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন আরব দেশে ঈদকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। হাজিদের নিরাপত্তা, পরিবহন ব্যবস্থা ও তীব্র গরমে স্বস্তি নিশ্চিত করতে সৌদি কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top