চিলিতে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৬ মে ২০২৬, ১২:০২ পিএম

সংগৃহীত

দক্ষিণ আমেরিকার দেশ চিলি-র উত্তরের আন্তোফাগাস্তা অঞ্চলে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার স্থানীয় সময় বিকেলে এই ভূমিকম্প অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

চিলি বিশ্ববিদ্যালয়ের জাতীয় ভূকম্পন কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কালামা শহরের দক্ষিণে প্রায় ১২ কিলোমিটার দূরে। কম্পনটি আশপাশের বিভিন্ন এলাকাতেও অনুভূত হয়েছে।

ভূমিকম্পের পর চিলির হাইড্রোগ্রাফিক ও ওশেনোগ্রাফিক সার্ভিস জানায়, এ কম্পনের ফলে সুনামির আশঙ্কা তৈরি হয়নি। তাই উপকূলীয় এলাকায় কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

বিশেষজ্ঞরা বলছেন, প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ার অঞ্চলে অবস্থানের কারণে চিলিতে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। নাজকা ও দক্ষিণ আমেরিকান টেকটোনিক প্লেটের সংঘর্ষের ফলেই দেশটিতে নিয়মিত ছোট-বড় কম্পন অনুভূত হয়।

উল্লেখ্য, বিশ্বের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর একটি ঘটেছিল চিলিতে। ১৯৬০ সালে ভালদিভিয়া এলাকায় ৯ দশমিক ৫ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে দুই হাজারের বেশি মানুষ নিহত হন। এছাড়া ২০১০ সালে ৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প ও সুনামিতে প্রাণ হারান পাঁচ শতাধিক মানুষ।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top