ধর্ষণ ও হত্যার ঘটনায় দ্রুত বিচার ও কঠোর শাস্তির নির্দেশ থালাপতি বিজয়ের

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৫ মে ২০২৬, ০৭:৫৩ পিএম

সংগৃহীত

ভারতের তামিলনাড়ুর কোয়েম্বাটোরে ১০ বছর বয়সী এক শিশুকন্যাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় গভীর শোক ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। তিনি এই ঘটনাকে “অমানবিক ও অমার্জনীয়” বলে উল্লেখ করেছেন।

শনিবার এক বিবৃতিতে মুখ্যমন্ত্রী বলেন, নারী ও শিশুদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি নিহত শিশুর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং ঘটনাটির দ্রুত তদন্ত নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ দেন। পাশাপাশি দ্রুত অভিযোগপত্র জমা দেওয়ার কথাও বলেন তিনি।

প্রতিবেদনে জানা যায়, এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের ওপর জোর দেওয়া হচ্ছে।

থালাপতি বিজয় আরও বলেন, নারী ও শিশু নির্যাতনের ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে রাজ্য সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও এই ঘটনার নিন্দা জানিয়েছেন। তারা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেছেন, শিশু ও নারীর বিরুদ্ধে অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ এখন সময়ের দাবি।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top