রাশিয়া সীমান্তের কাছে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর বিমানে সাইবার হামলা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৫ মে ২০২৬, ০৭:৩৭ পিএম

সংগৃহীত

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হেইলিকে বহনকারী রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) একটি বিমানে সাইবার হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। বিমানটি রাশিয়ার সীমান্তসংলগ্ন আকাশসীমার কাছ দিয়ে উড়ছিল বলে জানা গেছে।

সোমবার (২৫ মে) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জেরুজালেম পোস্ট।

প্রতিবেদন অনুযায়ী, এস্তোনিয়ায় ব্রিটিশ সেনাদের পরিদর্শন শেষে গত বৃহস্পতিবার যুক্তরাজ্যে ফেরার পথে হামলার শিকার হয় বিমানটি। সাইবার হামলার কারণে বিমানের জিপিএস ব্যবস্থা অচল হয়ে পড়ে। ফলে প্রায় তিন ঘণ্টার যাত্রায় পাইলটদের বিকল্প নেভিগেশন পদ্ধতি ব্যবহার করতে হয়।

ঘটনার পেছনে রাশিয়ার সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ধারণা করা হলেও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করা হয়নি।

প্রতিবেদনে আরও বলা হয়, গত মাসেও কৃষ্ণসাগরের ওপর একটি আরএএফ গোয়েন্দা বিমানকে দুটি রুশ যুদ্ধবিমান বিপজ্জনকভাবে বাধা দেয়। যদিও ঘটনাটি সম্প্রতি প্রকাশ্যে আসে।

এদিকে জন হেইলিকে উদ্দেশ্য করে হামলাটি চালানো হয়েছিল কি না, সেটিও এখনো নিশ্চিত নয়। তবে বিমানটির গতিপথ বিভিন্ন ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটে দৃশ্যমান ছিল বলে জানা গেছে।

এস্তোনিয়া সফরে ন্যাটোর সামরিক মহড়ায় অংশ নেওয়া ব্রিটিশ সেনাদের সঙ্গে কথা বলেন জন হেইলি। সফরটি ছিল রাশিয়ার সীমান্তসংলগ্ন অঞ্চলে ন্যাটোর উপস্থিতি জোরদারের অংশ।

উল্লেখ্য, এর আগেও ২০২৪ সালে তৎকালীন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী গ্রান্ট শ্যাপসকে বহনকারী একটি আরএএফ বিমানের জিপিএস সংকেত রাশিয়ার কাছাকাছি আকাশপথে বিঘ্নিত হয়েছিল বলে অভিযোগ ওঠে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top