হরমুজ প্রণালি দিয়ে ফের শুরু হলো তেল ও এলএনজি পরিবহন
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৫ মে ২০২৬, ০৩:৪৫ পিএম
প্রায় তিন মাস বন্ধ থাকার পর তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বহনকারী দুটি ট্যাংকার হরমুজ প্রণালি অতিক্রম করেছে। শিপিং তথ্য অনুযায়ী, সোমবার (২৫ মে) জাহাজ দুটি পাকিস্তান ও চীনের দিকে যাত্রা করছে বলে জানা গেছে।
এর আগে ২৩ মে ইরাকের অপরিশোধিত তেলবাহী একটি সুপারট্যাংকার পারস্য উপসাগর অতিক্রম করে বেরিয়ে যায়। সাম্প্রতিক এসব চলাচলকে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় সক্রিয় হওয়ার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও এলএনজি এই গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র–ইসরায়েলের কথিত আগ্রাসনের পর ইরান প্রণালিতে নৌযান চলাচল কার্যত সীমিত করে দেয় বলে জানা যায়। পরবর্তীতে একটি নির্ধারিত ট্রানজিট রুট চালু করা হলে ধীরে ধীরে জাহাজ চলাচল শুরু হয়।
শিপিং তথ্য অনুযায়ী, এলএনজি ট্যাংকার ‘ফুওয়াইরিত’ বর্তমানে হরমুজ প্রণালি অতিক্রম করছে এবং এটি পাকিস্তানে পণ্য খালাস করতে পারে। অন্যদিকে কাতারএনার্জির আরেকটি ট্যাংকার ‘আল–রাইয়ান’ প্রণালি পার হয়ে বর্তমানে উপসাগরের বাইরে অবস্থান করছে এবং এটি চীনের উদ্দেশ্যে যাত্রা করছে।
এছাড়া ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার ‘ইগল ভেরোনা’ গত শনিবার হরমুজ প্রণালি পার হয়ে বেরিয়ে গেছে। এটি পূর্ব চীনের নিংবো বন্দরে পৌঁছে তেল খালাস করবে বলে ধারণা করা হচ্ছে।
শিপিং সূত্রগুলো জানায়, যুদ্ধ পরিস্থিতির আগে প্রতিদিন গড়ে ১২৫ থেকে ১৪০টি জাহাজ হরমুজ প্রণালি ব্যবহার করত। তবে সাম্প্রতিক উত্তেজনার কারণে শত শত জাহাজ উপসাগরে আটকে ছিল। এখন ধীরে ধীরে সেই স্থবিরতা কাটতে শুরু করেছে।
বিশ্লেষকদের মতে, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হলেও গুরুত্বপূর্ণ এই জ্বালানি রুটে জাহাজ চলাচল আবারও সক্রিয় হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
সূত্র: রয়টার্স
এনএফ৭১/ওতু
বিষয়:
